“টিকিট দেওয়ার নাম করে ধর্ষণ”-এবার সোজা লক-আপে ক্যানিংয়ের দাপুটে বিধায়ক

বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ যাঁকে একসময় কটাক্ষ করে “শওকত মোল্লা আল্ট্রা লাইট” বলে অভিহিত করেছিলেন, সেই ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস এখন মারাত্মক সব অভিযোগে জর্জরিত হয়ে পুলিশের জালে। ধর্ষণ ও তোলাবাজির মতো গুরুতর ফৌজদারি মামলায় তাঁকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি সোনারপুর থানার লক-আপেই দিন কাটাচ্ছেন।

গ্রেফতারির আঁচ হয়তো আগেই পেয়েছিলেন পরেশরাম। ভবানীভবনে হাজিরা দিতে যাওয়ার আগে মাস খানেক আগে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আলবিদা ক্যানিং। ফিরে দেখা হবে, কথা হবে।” শেষ পর্যন্ত মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সোমবার এয়ারপোর্ট থেকেই তাঁকে আটক করে পুলিশ। পরে নরেন্দ্রপুর থানায় ও সেখান থেকে সোনারপুর থানায় নিয়ে যাওয়া হয়। থানা সূত্রে খবর, গ্রেফতারের পর রাতে বিশেষ কিছু খাননি তিনি, তবে নিয়মমাফিক নিজের ওষুধপত্র খেয়েছেন এবং রাত প্রায় আড়াইটে পর্যন্ত লক-আপে জেগেই বসেছিলেন। আজ তাঁকে আদালতে পেশ করা হবে।

কে এই পরেশরাম দাস?

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত। তবে রাজনৈতিক পরিচয়ের আড়ালে একাধিক ফৌজদারি মামলা ও বিতর্কের কারণে বহুবার তিনি খবরের শিরোনামে এসেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বর্তমানে মোট ন’টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

ধর্ষণ ও তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ:

বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর হলো ধর্ষণ ও তোলাবাজি। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে দলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেছিলেন বিধায়ক পরেশরাম দাস। সেই টাকা সংক্রান্ত আলোচনার জন্য বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে গেলে ওই মহিলা ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ।

শুধু ধর্ষণই নয়, ওই মহিলাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে সেই টাকা ফেরত চাওয়া এবং পুলিশের দারস্থ হওয়ার চেষ্টা করলে ওই মহিলা ও তাঁর পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩২৩ (মারধর), ৪২০ (প্রতারণা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৫০৬ (হুমকি) ধারায় একটি মামলা রুজু করা হয়।

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও বোমাবাজির অভিযোগ:

পরেশরাম দাসের বিরুদ্ধে কেবল নারী নির্যাতনের অভিযোগই নয়, রয়েছে আরও অনেক কালো অধ্যায়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ক্যানিং এলাকায় ব্যাপক অশান্তি ও ত্রাসের পরিবেশ সৃষ্টির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখানো, মনোনয়ন পেশে বাধা দেওয়া, এমনকি এলাকায় নির্বিচারে গুলি ও বোমাবাজি চালানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ডেও তাঁর নাম জড়িয়েছিল। এহেন এক প্রভাবশালী জনপ্রতিনিধির লক-আপে ঠাঁই হওয়ায় রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে।