জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী! নয়াদিল্লিতে নামল ৩ হাজার পুলিশ, আঁটসাঁট নিরাপত্তা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলির প্রস্তাবিত বিক্ষোভ ও নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে জাতীয় রাজধানী। যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে তিন হাজারের বেশি পুলিশকর্মী। জন্তর মন্তর, সংসদ ভবন, সংসদ মার্গ ও নির্বাচন কমিশনের সদর দপ্তরের আশেপাশের এলাকা পুরোপুরি পুলিশে ছয়লাপ।

সূত্রের খবর, নিরাপত্তার দায়িত্বে পুরুষ পুলিশের ২৭টি কোম্পানি এবং মহিলা পুলিশের ৪টি কোম্পানি মাঠে নামানো হয়েছে। প্রতিটি পুলিশ কোম্পানিতে প্রায় ১০০ থেকে ১১৫ জন সদস্য থাকায় নয়াদিল্লির রাস্তায় এক নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। সংসদ চত্বর, সংসদ স্ট্রিটের গোলচত্বর ও নির্বাচন কমিশনের গেটে অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন মেট্রো স্টেশনের প্রবেশপথেও কড়া নজরদারি রাখা হচ্ছে যাতে বড় ধরনের জমায়েত এড়ানো সম্ভব হয়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলে এবং সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই কংগ্রেস, আপসহ একাধিক বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগে গত ২ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না মিললেও নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ দেখায় সংগঠনগুলি। যার জেরে সংসদ স্ট্রিট ও কনট প্লেস থানায় একাধিক এফআইআর দায়ের করা হয় এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের মন্তব্যের পর রাজনৈতিক পারদ আরও চড়েছে। একদিকে আইনি লড়াই এবং অন্যদিকে বিরোধী দলগুলির লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী জুড়ে এখন চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।