জোর করে বুলডোজার চালানো যাবে না! চা-বাগান শ্রমিকদের উচ্ছেদ নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ

সরকারি জমির দখলদার বা ঝুপড়িবাসী হলেও কাউকে জোরপূর্বক বা বেআইনিভাবে উচ্ছেদ করা যাবে না। জমি উদ্ধারের নামে বুলডোজার চালানোর আগে কঠোরভাবে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে। আলিপুরদুয়ারের জয়গাঁও স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত একটি মামলায় এমনই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট।

আলিপুরদুয়ারের চা-বাগান শ্রমিকদের উচ্ছেদ করে ওই জমিতে স্থলবন্দর নির্মাণ করার বিরুদ্ধে একটি সংগঠনের দায়ের করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন ডিভিশন বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ অবশ্য জয়গাঁও স্থলবন্দর নির্মাণের কাজে সরাসরি কোনো স্থগিতাদেশ দেয়নি। তবে শ্রমিক বা ঝুপড়িবাসীদের উচ্ছেদের ক্ষেত্রে প্রশাসনিক একরোখা মনোভাবের তীব্র সমালোচনা করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনো সরকারি প্রকল্পের স্বার্থেই হোক না কেন, আইনকে হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না।

আদালতের পর্যবেক্ষণ, সাধারণ ও প্রান্তিক মানুষের আইনি সুরক্ষা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি জমিতে বসবাসকারী হলেও কাউকে হঠাৎ করে বা বেআইনিভাবে উচ্ছেদ করা যায় না। ঘরবাড়ি ভাঙতে বা শ্রমিকদের সরাতে হলে সুনির্দিষ্ট আইনি পথেই হাঁটতে হবে প্রশাসনকে। আদালতের এই রায়ের ফলে আলিপুরদুয়ারের চা-বাগান এলাকার শ্রমিক ও ঝুপড়িবাসীরা বড় ধরনের আইনি সুরক্ষা পেলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।