আর কোনো বয়সসীমা নেই! যেকোনো বয়সে এবার পড়া যাবে আইন, বিসিআইয়ের ঐতিহাসিক পদক্ষেপে খুলল বড় সুযোগ

আইন শিক্ষার ক্ষেত্রে বড়সড় স্বস্তির খবর নিয়ে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI)। ৫ নভেম্বর ২০২৬ তারিখে পাস হওয়া একটি নতুন প্রস্তাবের মাধ্যমে আইন কোর্সে (Law Courses) ভর্তির ক্ষেত্রে সমস্ত ধরনের সর্বোচ্চ বয়সসীমার বাধানিষেধ আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে বিসিআই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্প্রতি সুপ্রিম কোর্টে পেশ করেছে বার কাউন্সিল। শুক্রবার মামলার শুনানিকালে বিসিআই-এর আইনজীবী আদালতের কাছে এই যুগান্তকারী সিদ্ধান্তকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানান। প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বিসিআই-এর এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে রেকর্ডে নথিভুক্ত করেছে। মনে করা হচ্ছে, খুব দ্রুত এই নিয়ম কার্যকর হতে চলেছে এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত একটি বিচারাধীন মামলারও নিষ্পত্তি করে দিয়েছে।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত আইন কোর্সে ভর্তির ক্ষেত্রে কঠোর বয়সসীমা নির্ধারিত ছিল। বিসিআই-এর পুরনো নিয়ম অনুযায়ী, ৫ বছরের সমন্বিত ল’ কোর্সে ভর্তির জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত ছিল ২২ বছর এবং ৩ বছরের এলএলবি কোর্সে ভর্তির ক্ষেত্রে এই সীমা ছিল সর্বোচ্চ ৪৫ বছর। বয়সসীমার এই নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যেখানে আবেদনকারী প্রশ্ন তুলেছিলেন যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের ক্ষমতাকে ব্যবহার করে কি এ ধরনের কঠোর সর্বোচ্চ বয়সসীমা আরোপ করা যায়? মামলার শুনানির বিভিন্ন পর্যায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিসিআই-এর এই নীতির যৌক্তিকতা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। বিশেষ করে বিসিআইয়ের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে ৫ বছরের ল’ কোর্সগুলো সাধারণত ‘রেসিডেন্সিয়াল’ বা আবাসিক প্রকৃতির হয়ে থাকে, তাই সেখানে বয়সের বিধিনিষেধ জরুরি। তবে আদালত সেই যুক্তি খারিজ করে জানায় যে সমস্ত ৫ বছরের কোর্স আবাসিক হয় না এবং বয়স নির্ধারণের ক্ষেত্রে এটি কোনো সঠিক মাপকাঠি হতে পারে না। শেষ পর্যন্ত আদালতের তীব্র আপত্তির মুখেই বার কাউন্সিল অফ ইন্ডিয়া আইন কোর্সে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা সম্পূর্ণভাবে তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, যা দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক দূরগামি ও ইতিবাচক পরিবর্তন আনবে।