শুবমান গিল সেঞ্চুরি করলেই কেকেআর সমর্থকদের ক্ষোভ গিয়ে পড়ে আমার ওপর! বিস্ফোরক দাবি ভেঙ্কটেশ আইয়ারের

একসময়ে যিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ঘরের ছেলে এবং আইপিএল জয়ের অন্যতম কারিগর, আজ তিনিই কেকেআর সমর্থকদের তীব্র ট্রোলিংয়ের শিকার! আইপিএল-এ দল বদল করলেও অতীত যেন আজও পিছু ছাড়ছে না অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। সম্প্রতি এক পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করে ভেঙ্কটেশ জানিয়েছেন, গুজরাট টাইটান্স তারকা শুবমান গিল (Shubman Gill) সেঞ্চুরি করলেই আজও তাঁকে নিশানা করেন কেকেআর সমর্থকরা।
২০২৪ সালে কেকেআর-এর হয়ে এবং পরবর্তীতে ২০২৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ভেঙ্কটেশ। তবে কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে ছেড়ে দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার পডকাস্টে ভেঙ্কটেশ খোলামেলা জানিয়েছেন, অতীতে যখন ফ্র্যাঞ্চাইজি শুবমান গিলকে বাদ দিয়ে তাঁকে ধরে রেখেছিল কিংবা শ্রেয়াস আইয়ারের পরিবর্তে তাঁর পেছনে বড় অঙ্কের টাকা খরচ করা হয়েছিল—প্রতিটি ক্ষেত্রেই সমর্থকদের আক্রোশের মুখে পড়তে হয়েছিল তাঁকে। ভক্তদের একাংশ আজও সোশ্যাল মিডিয়ায় গিয়ে মন্তব্য করেন, ‘সোনার খোঁজে আমরা হিরে হারিয়েছি।’ যা অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
তবে কেকেআর সমর্থকদের সমালোচনার বিপরীতে আরসিবি (RCB) সমর্থকদের ভালোবাসা ও উন্মাদনায় সম্পূর্ণ মুগ্ধ ভেঙ্কটেশ। আরসিবি-র হয়ে মাত্র এক মরসুম খেলেই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের এমন পাগলামি দেখে তিনি অবাক হয়েছেন। ভেঙ্কটেশ জানান, ম্যাচের আগে তিনি সমর্থকদের আরসিবি-র জার্সি পুজো করতেও দেখেছেন, যা তাঁর কাছে একেবারেই অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আগামী দিনেও আরসিবি-র জার্সিতেই নিজের সেরাটা উজাড় করে দিতে চান এই তারকা ক্রিকেটার।