জোর করে ধর্মান্তর রুখতে কড়া পদক্ষেপ! ‘রূপান্তরকারী’ মাদ্রাসা বন্ধ করবে মধ্যপ্রদেশ সরকার? তদন্তে NHRC

মধ্যপ্রদেশে মাদ্রাসাগুলির বিরুদ্ধে বলপূর্বক ধর্মান্তরের অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য বিজেপি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে সমস্ত মাদ্রাসা ধর্মান্তরে উৎসাহ যোগায়, সেগুলিকে রাজ্যে চলতে দেওয়া হবে না। একই সঙ্গে এই অভিযোগগুলির বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) তদন্ত শুরু করায় বিষয়টি আরও গুরুতর মোড় নিয়েছে।
বিজেপির একাধিক নেতার অভিযোগ, কিছু মাদ্রাসা ‘লাভ জিহাদ’ সহ অন্যান্য প্রলোভনের মাধ্যমে হিন্দু মেয়েদের ধর্ম পরিবর্তনে বাধ্য করছে। এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে ক্ষমতাসীন দল। এই হুঁশিয়ারির ফলে রাজ্য জুড়ে বিতর্কিত মাদ্রাসাগুলির উপর নজরদারি ও যাচাই পর্ব আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, এই অভিযোগের গুরুত্ব বুঝে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে তদন্ত শুরু করেছে। রাজ্যের পুলিশ প্রধানকে এ বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিশনের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে, তারা মাদ্রাসাগুলির কার্যক্রম এবং সেখানে শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে চাইছে।
মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই কঠোর ধর্মান্তর-বিরোধী আইন প্রয়োগ করেছে এবং নতুন করে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জোরপূর্বক ধর্মান্তরের জন্য মৃত্যুদণ্ডের বিধান যোগ করার কথা ভাবছে। এমতাবস্থায়, বিজেপি সরকারের কড়া অবস্থান এবং NHRC-এর তদন্তের ফলে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর চাপ আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।