জেল থেকে ফিরতেই বড় ঘোষণা! বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়, কোন কোন কমিটির রাশ প্রাক্তন মন্ত্রীর হাতে?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর রাজনীতির আঙিনায় আবারও সক্রিয় হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর এবার বিধানসভায় নতুন প্রশাসনিক দায়িত্ব দেওয়া হলো তাঁকে। বিধানসভার সাম্প্রতিক পুনর্বিন্যাস অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সূত্রের খবর, প্রাক্তন এই দাপুটে মন্ত্রীকে বিধানসভার ‘লাইব্রেরি কমিটির’ সদস্য করা হয়েছে। এর পাশাপাশি আবাসন, অগ্নিনির্বাপণ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্ট্যান্ডিং কমিটিতেও তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো পদে আসীন মন্ত্রী স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখন আর মন্ত্রী নন, তিনি শুধুমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক। তাই বিধায়ক হিসেবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা। সেই ঘটনার পর তাঁকে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে জেল থেকে ফেরার পর তিনি নিজের নির্বাচনী কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশে খোলা চিঠি লিখে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছেন। এবার বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কমিটির দায়িত্ব পাওয়ায় পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।