জেনেশুনেও বড় ধাক্কা পকেটে! কোন কোন গ্যালাক্সি ফোনের দাম বাড়াল স্যামসাং?

স্মার্টফোন প্রেমীদের জন্য এল এক বড় ধাক্কা। বাজারে জল্পনা সত্যি করে এবার নিজেদের জনপ্রিয় গ্যালাক্সি এম (Galaxy M) এবং এফ (Galaxy F) সিরিজের একাধিক স্মার্টফোনের দাম বাড়িয়ে দিল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। ভারতীয় বাজারে গ্যালাক্সি এম১৭, এম১৭ই এবং এফ৭০ই মডেলগুলির দাম সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন র‍্যাম (RAM) এবং স্টোরেজ কনফিগারেশনের ওপর ভিত্তি করে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ বিখ্যাত টিপস্টার সঞ্জু চৌধুরীর একটি পোস্ট প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নিয়ে টেক মহলে শোরগোল শুরু হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রতিটি মডেলেই প্রায় ১,৯৯৯ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। উদাহরণস্বরূপ, গ্যালাক্সি এম১৭-এর ৪/১২বি জিবি মডেলটির পুরনো দাম ১৯,৯৯৯ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১,৯৯৯ টাকায়। একইভাবে ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ২৪,৯৯৯ টাকা এবং ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম বেড়ে হয়েছে ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে, এম১৭ই এবং এফ৭০ই মডেলগুলির ৪/১২৮ জিবি সংস্করণের দাম ২০,৪৯৯ টাকা এবং ৬/১২৮ জিবি সংস্করণ ২৩,৪৯৯ টাকায় পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, শুধু স্যামসাং একা নয়, অ্যাপলসহ অন্যান্য শীর্ষস্থানীয় প্রস্তুতকারী সংস্থাও তাদের ডিভাইসের দাম বাড়াচ্ছে। এর নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে আসছে বিশ্বজুড়ে মেমোরি চিপের তীব্র ঘাটতি। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন টেক জায়ান্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) পরিকাঠামো এবং ডেটা সেন্টার তৈরিতে বিপুল পরিমাণ মেমোরি চিপ ব্যবহার করছে। ফলে স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় চিপের জোগান কমে গেছে এবং চিপ প্রস্তুতকারকদের কাছ থেকে অধিক মূল্যে এগুলি কিনতে হচ্ছে কোম্পানিগুলিকে। সেমিকন্ডাক্টরের এই বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারণ গ্রাহকদের পকেটে। এর আগে গত অক্টোবরেও গ্যালাক্সি এ২৭সহ বেশ কিছু মডেলের দাম বাড়িয়েছিল এই সংস্থা।