৩৭০ ধারা বাতিলের দাবি কি সম্পূর্ণ মিথ্যা? উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠল মেগা প্রশ্ন

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নিকেশ হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড কমান্ডার লতিফ ভাট ও তার এক সহযোগী। সাম্প্রতিক সময়ে উপত্যকায় ঘটে যাওয়া একাধিক নৃশংস সন্ত্রাসী হামলার মূল চক্রী ছিল এই লতিফ। গত সপ্তাহে কুলগামে সিআরপিএফ (CRPF) ক্যাম্পে ভয়াবহ হামলার নেপথ্যেও প্রত্যক্ষ যোগ ছিল এই দুই জঙ্গির।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, নিহত লতিফ ভাট কুলগামেরই স্থানীয় বাসিন্দা। সে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের (OGW) শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এবং পাকিস্তানি জঙ্গিদের হাত শক্ত করে উপত্যকায় একের পর এক নাশকতামূলক ছক কষছিল। ২০২৬ সালের ২৬ জুলাই অনন্তনাগের লাল চক এলাকায় পুলিশ কনস্টেবল হত্যা এবং ৩১ জুলাই কুলগামে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকদের নৃশংস খুনের মতো ঘটনায় তার সরাসরি হাত ছিল। উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগামের মীর বাজারের কাছে সিআরপিএফ পোস্ট লক্ষ্য করে হামলা চালায় দুই জঙ্গি, যাতে তিন জওয়ান আহত হন।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে কিশ্তওয়ার জেলায় জঙ্গিদের অতর্কিত গুলিতে প্রাণ হারান দুই স্পেশাল পুলিশ অফিসার (SPO) বাবি চাঁদ ও যশপাল কুমার। সেনাবাহিনীর একটি অ্যান্টি-টেরর অপারেশনে যোগ দিতে যাওয়ার পথেই তাঁদের ওপর এই কাপুরুষোচিত হামলা হয়। পরপর এই দুটি ভয়াবহ ঘটনার পর গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআরপিএফ-এর স্পেশাল ডিজি (SDG) সন্দীপ খিরওয়ার।
এদিকে, এই ধারাবাহিক জঙ্গি হানার পর উপত্যকা থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল হওয়ার সরকারি দাবি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল কনফারেন্স (NC) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ ফারুক আবদুল্লাহ এই প্রসঙ্গে সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে জানিয়েছেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে বলে যাঁরা দাবি করছিলেন, বর্তমান ভয়াবহ পরিস্থিতি তাঁদের সেই সমস্ত দাবিকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে দিয়েছে।