চিনের ঘুম কাড়তে ভারতের মাস্টারস্ট্রোক! ১৫ হাজার কোটির AMCA যুদ্ধবিমান তৈরিতে নামল ৩ মহারথী

ভারতের পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান তৈরির উচ্চাকাঙ্ক্ষী ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (AMCA) প্রকল্প বাস্তবায়নের পথে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হলো। দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক যুদ্ধবিমান উৎপাদনের এই মেগা প্রজেক্টের জন্য দেশের তিনটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ও কনসোর্টিয়াম দরপত্র জমা দিয়েছে। প্রায় ১৫,০০০ কোটি টাকা মূল্যের এই বিশাল কর্মসূচির আওতায় পাঁচটি প্রোটোটাইপ যুদ্ধবিমান তৈরি এবং তার উন্নত প্রযুক্তিগত উন্নয়নের দায়িত্ব কোন সংস্থার কাঁধে উঠবে, তা নির্ধারণের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে।

প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটির কাছে নির্ধারিত সময়ের মধ্যে তিনটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তাদের বিড বা দরপত্র জমা দেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রধান দলগুলির মধ্যে রয়েছে লারসেন অ্যান্ড টুব্রো (L&T)-র বিশেষ জোট, যার সঙ্গে যুক্ত রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এবং ডায়নাম্যাটিক টেকনোলজিস। দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL), যা এই প্রতিযোগিতায় একমাত্র সংস্থা যারা কোনো কনসোর্টিয়াম বা জোট ছাড়াই এককভাবে দরপত্র জমা দিয়েছে। এছাড়া তৃতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে ভারত ফোর্জ (Bharat Forge)-এর জোট, যার অংশীদার বিইএমএল লিমিটেড (BEML Limited) এবং ডেটা প্যাটার্নস।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বিমান বাহিনীর ফ্লিটে যুদ্ধবিমানের সংখ্যা ক্রমশ হ্রাসের প্রেক্ষাপটে এই প্রকল্পটির গুরুত্ব অপরিসীম। অন্যদিকে, ভারতের এই দেশীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট তৈরির গতিপ্রকৃতি ইতিমধ্যেই প্রতিবেশী দেশ চিন ও পাকিস্তানের প্রতিরক্ষা মহলে বাড়তি উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে জমা পড়া দরপত্রগুলোর মূল্যায়ন চলছে, যার ভিত্তিতে শীঘ্রই এএমসিএ প্রকল্পের জন্য ‘ডেভেলপমেন্ট-কাম-প্রোডাকশন পার্টনার’ (DCPP) বা উন্নয়ন ও উৎপাদন অংশীদার চূড়ান্ত করা হবে।