জলবায়ু সংকটের আলোচনা মঞ্চেই বড় বিপদ! ব্রাজিলে কপ৩০ ভেন্যুতে অগ্নিকাণ্ড, নেপথ্যে মাইক্রোওয়েভ!

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন (COP30)-এর ভেন্যুতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ‘ব্লু জোন’ থেকে এই আগুনের সূত্রপাত, যা দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি মাইক্রোওয়েভ ওভেন থেকেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

যখন আগুন লাগে, তখন সম্মেলনে ২০০টি দেশের হাজার হাজার প্রতিনিধি জলবায়ু সংকট মোকাবিলা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তির খসড়া তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আচমকা এই অগ্নিকাণ্ডের কারণে চুক্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম আপাতত পণ্ড হয়ে গেছে।

সম্মেলনের আয়োজক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা ত্বরিত গতিতে ব্যবস্থা নেন এবং ৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ঘটনায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে কমপক্ষে ২১ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বেলেমের পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় জলবায়ু চুক্তির খসড়া তৈরি, যার মূল বিষয়বস্তু জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরতা কমানো সংক্রান্ত একটি রোডম্যাপ তৈরি করা ছিল, তা ব্যাহত হয়েছে।