জলবন্দি শহরে প্রাণহানি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা ৫, বিচ্ছিন্ন একাধিক এলাকার বিদ্যুৎ

জলমগ্ন কলকাতায় ফের মর্মান্তিক ঘটনা। শহরের কালিকাপুরের অভিষিক্তা মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম রাম গোপাল পণ্ডিত। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভারি বৃষ্টির জেরে রাস্তায় জমেছিল জল। সেই জলেই ঝুলছিল বিদ্যুতের একটি ছেঁড়া তার। সাইকেল নিয়ে রাস্তা পারাপার করার সময় ওই তারের সংস্পর্শে আসতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এই ঘটনা নিয়ে গত দু’দিনে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। প্রবল বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে। যার জেরে যাদবপুর থেকে শুরু করে বেনিয়াপুকুর, বালিগঞ্জ, কালিকাপুর এবং নেতাজি নগর, সব জায়গাতেই ঘটেছে প্রাণহানির ঘটনা। সিইএসসি কর্তৃপক্ষকে এই এলাকাগুলির বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়েছে শহরের ট্রেন ও মেট্রো পরিষেবা। রেললাইনে জল জমে যাওয়ায় চক্ররেলের আপ ও ডাউন লাইন এবং শিয়ালদহ দক্ষিণ শাখার পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। হাওড়া ডিভিশনের যাত্রীরাও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। শহরের মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।