চোরবাগান পুজো বিপর্যয়: তদন্তে বিরাট মোড়! হাইকোর্টের বিচারপতির নাম চেয়ে সরাসরি প্রধান বিচারপতিকে চিঠি মুখ্যসচিবের

কলকাতার চোরবাগান সর্বজনীন পূজা মণ্ডপে ঘটা মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে নজিরবিহীন তৎপরতা শুরু করল রাজ্য সরকার। এই ঘটনায় একটি হাই-পাওয়ার বা উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরাসরি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে চিঠি পাঠাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

নবান্ন সূত্রে খবর, সোমবারই এই চিঠি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হচ্ছে। চোরবাগানের ওই পুজো মণ্ডপের দুর্ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই হাই-পাওয়ার কমিটি গঠনের এই উদ্যোগ। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, কলকাতা হাইকোর্টের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কোনো বিচারপতিকে এই কমিটির নেতৃত্বে রাখা হতে পারে। এর আগে এই তদন্ত কমিটি গঠনের ক্ষেত্রে হাইকোর্টের বর্তমান বিচারপতির নাম চেয়ে অনুরোধ জানানো হবে বলে আগেই ইঙ্গিত মিলেছিল। সেই মতো আজ আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতির কাছে বিচারপতির নাম চেয়ে চিঠি দিলেন মুখ্যসচিব।

উল্লেখ্য, চোরবাগান সর্বজনীনের এই অনভিপ্রেত ঘটনায় গোটা শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর থেকেই সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্য প্রশাসনের তরফে এই হাই-পাওয়ার কমিটি গঠনের মধ্য দিয়ে দুর্ঘটনার আসল কারণ এবং এর নেপথ্যে থাকা দায়িত্বের গাফিলতি দ্রুত খতিয়ে দেখা হবে বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Pratik Saha
  • Pratik Saha