চোখের পলকে ভস্মীভূত ৩টি বগি! পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন, কীভাবে রক্ষা পেলেন ১৫০০ যাত্রী?

পাঞ্জাবের পাতিয়ালা জেলায় এক বড়ো ধরণের ট্রেন দুর্ঘটনা অল্পের জন্য এড়ানোর ঘটনা ঘটেছে। অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসের ৪টি কোচে হঠাৎ আগুন লেগে যায়। তবে চালকের সময়োপযোগী পদক্ষেপে ট্রেনের ১৫০০ জনেরও বেশি যাত্রী সম্পূর্ণ অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার রাজপুরা-সিরহিন্দ রেলপথের সরাই বানজারা রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনটিতে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গেছে, প্রথমে একটি কোচে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে প্রবল বাতাসের কারণে তা আশপাশের কোচগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ট্রেনটির তিনটি কোচ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং চতুর্থ কোচটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যেভাবে রক্ষা পেলেন যাত্রীরা ট্রেনটি চলার পথেই হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্রেনের লোকো পাইলট চরম তৎপরতা দেখিয়ে জরুরি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। এর পাশাপাশি, দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত বগিগুলোকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করে দেওয়া হয়, যার ফলে আগুন পুরো ট্রেনে ছড়াতে পারেনি।

কোচ থেকে ঘন কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে উঠতে শুরু করতেই আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha