চিরবিদায় নিলেও পর্দায় অমলিন নানা পাটেকর! মৃত্যুর পর ভক্তদের জন্য রেখে গেলেন এই ২ মেগা সিনেমা

হৃদরোগে আক্রান্ত হয়ে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে আজ গভীর শোকে নিমজ্জিত গোটা ভারতীয় চলচ্চিত্র জগৎ। ওঁর প্রতিটি শক্তিশালী ডায়লগ ডেলিভারি এবং নিখুঁত অভিনয় দশকের পর দশক ধরে কোটি কোটি দর্শকের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। তবে ভক্তদের জন্য একটাই সান্ত্বনা—শারীরিকভাবে অভিনেতা চিরবিদায় নিলেও, তাঁর শেষ দুটি কাজ খুব শীঘ্রই রুপোলি পর্দায় দেখতে পাবেন দর্শকেরা।
চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শহীদ কাপুরের ‘ও রোমিও’ ছবিতে নানাজিকে শেষবার অনস্ক্রিনে দেখেছিলেন তাঁর অনুরাগীরা। তবে মৃত্যুকালে তাঁর হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল, যার মধ্যে দুটি ছবি মুক্তি পাবে খুব শীঘ্রই।
১. অনীথ পাড্ডার সঙ্গে হরর-কমেডি ‘শক্তি শালিনী’
নানা পাটেকরের অন্যতম চর্চিত ছবি হতে চলেছে ‘শক্তি শালিনী’। এটি একটি থ্রিলার ও হরর-কমেডি ধাঁচের সিনেমা। এই ছবিতে নানা পাটেকরের পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীথ পাড্ড। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিনীত কুমার, বিশাল জেঠওয়া এবং সীমা বিশ্বাস।
ছবিটি আগামী ২৪শে ডিসেম্বর ক্রিসমাসের মরসুমে মুক্তি পাওয়ার কথা থাকলেও, একই সময়ে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ বক্স অফিসে আসার কথা রয়েছে। বড় পর্দায় এই মেগা সংঘর্ষ এড়াতেই নির্মাতারা ছবিটির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন রিপোর্ট অনুযায়ী, ছবিটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে পারে।
২. শ্রদ্ধা কাপুরের বায়োপিক ‘ইথা’
শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল চর্চিত চলচ্চিত্র ‘ইথা’-তেও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী চরিত্রে দেখা যাবে নানা পাটেকরকে। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ছবিটি মূলত মহারাষ্ট্রের প্রখ্যাত তামাশা ও লাবণী লোকশিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবন সংগ্রামের ওপর ভিত্তি করে নির্মিত একটি বায়োপিক। ছবিতে ‘তামাশা কুইন’ বিঠাবাইয়ের নামভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। নানা পাটেকর ও শ্রদ্ধা ছাড়াও এতে দেখা মিলবে রণদীপ হুদা এবং মোহাম্মদ জিশান আইয়ুবের মতো দক্ষ অভিনেতাদের। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি ২৮শে আগস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও, নতুন সূচি অনুযায়ী আগামী ৪ঠা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’।
নিজের বর্ণময় জীবনকালে চরিত্র নির্বাচনে নানা পাটেকরের যে মুন্সিয়ানা ছিল, এই শেষ দুটি ছবিতেও তাঁর অনন্য অভিনয়ের ছাপ দেখতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন চলচ্চিত্রপ্রেমীরা।