চিপস-বিস্কুট খেলেই লাল কালারের ডেঞ্জার সাইন! শিশুদের স্বাস্থ্য বাঁচাতে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপে বড় বদল প্যাকেটজাত খাবারে

দেশের খুদেদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত লবণ, চিনি এবং সম্পৃক্ত চর্বিযুক্ত প্যাকেটজাত খাবার বা জাঙ্ক ফুডের রমরমা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। খাদ্যপণ্যের সামনে স্পষ্টভাবে পুষ্টি সংক্রান্ত সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাকেক নিউট্রিশন লেবেলিং (FOPL) বাস্তবায়নের বিষয়টিকে সরাসরি ‘জাতীয় স্বার্থ’ হিসেবে ঘোষণা করেছে শীর্ষ আদালত। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ পরিষ্কার ভাষায় জানিয়েছে, শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বিষয়ে আর কোনো রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না। প্যাকেটজাত খাবারের গায়ে পুষ্টির পুঙ্খানুপুঙ্খ বিবরণ সাধারণত পিছনের দিকে ছোট অক্ষরে লেখা থাকে, যা সাধারণ ক্রেতাদের নজর এড়িয়ে যায়। এই ব্যবস্থার সমালোচনা করে আদালত জানতে চেয়েছে, উন্নত দেশগুলোর আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের বাজারে কেন আরও স্পষ্ট সতর্কতা চালু করা হবে না।
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এর আগে প্রস্তাব দিয়েছিল যে, কোনো খাদ্যপণ্যে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি চিনি, নুন বা ফ্যাট থাকলে প্যাকেটের সামনের অংশে একটি লাল রঙের ষড়ভুজাকৃতির সতর্কীকরণ লেবেল বসানো হবে। তবে এই নির্দেশিকা কার্যকর করতে দেরি হওয়ায় আদালত ফুড সেফটি অথরিটিকে তীব্র তিরস্কার করেছে। বর্তমানের প্রক্রিয়াজাত খাবারে থাকা ক্ষতিকর উপাদানের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে সুপ্রিম কোর্টের এই কড়া পদক্ষেপ বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।