চিনা চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা উপদেষ্টা অ্যাশলে টেলিস! বাড়িতে মিলল প্রায় ১০০০ পাতার গোপন নথি

ট্রাম্প প্রশাসনের হাতে চিনা চরবৃত্তির (Chinese Espionage) গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় বংশোদ্ভূত প্রবীণ প্রতিরক্ষা উপদেষ্টা অ্যাশলে টেলিস। তাঁর বিরুদ্ধে মার্কিন বিমানবাহিনীর প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি বেআইনিভাবে বাড়িতে রাখা এবং চিনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের অভিযোগ আনা হয়েছে।
তবে, টেলিসের আইনজীবীরা বুধবার আদালতে এই দুই গুরুত্বপূর্ণ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
অভিযোগ কী এবং কী বলছে টেলিসের আইনজীবী?
প্রায় ২০ বছর ধরে আমেরিকা প্রশাসনের উপদেষ্টার কাজ করা এই ষাটোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন।
গোপন নথি: সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, টেলিস তাঁর বাড়িতে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত প্রায় ১০০০ পাতার টপ সিক্রেট ও গোপন নথি বেআইনিভাবে রেখে দিয়েছিলেন।
চিনা সংযোগ: অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর টেলিস স্টেট ডিপার্টমেন্টে গিয়ে মার্কিন বিমান প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত নথি প্রিন্ট করান। এরপর তিনি ভার্জিনিয়ার ফেয়ারফেক্সের একটি রেস্তোরাঁয় এক চিনা আধিকারিকের সঙ্গে দেখা করেন। তাঁকে ওই চিনা কর্মকর্তার কাছ থেকে দু’বার ‘গিফট ব্যাগ’ নিতেও দেখা যায়। একটি ডিনার পার্টিতে তিনি ম্যানিলা খাম নিয়ে প্রবেশ করলেও, বেরনোর সময় তাঁর হাতে সেটি ছিল না।
টেলিসের আইনজীবীরা এক বিবৃতিতে জানান, “অ্যাশলে জে টেলিস অত্যন্ত সম্মাননীয়, প্রবীণ নীতি উপদেষ্টা।” তাঁরা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
১০ বছর পর্যন্ত জেলের আশঙ্কা
টেলিস প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে ঊর্ধ্বতন পদে আসীন ছিলেন। এরপর থেকে তিনি আমেরিকার প্রতিরক্ষা দফতরে অবৈতনিক উপদেষ্টা হিসাবে কাজ করতেন। ১১ অক্টোবর রোমে যাওয়ার কথা থাকাকালে তাঁকে গ্রেফতার করা হয়।
যদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। প্রশাসন জানিয়েছে, এই বিষয়টি আমেরিকার মানুষের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নের সঙ্গে জড়িত।