চালক ছাড়াই হু হু করে ছুটছে ট্রেন! ভারতের এই শহরে শুরু হলো চালকবিহীন মেট্রো যুগ

ভারতীয় গণপরিবহন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হলো। এবার সম্পূর্ণ চালক ছাড়াই ট্র্যাকে ছুটবে মেট্রো। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে সফলভাবে চালু হয়েছে এই অত্যাধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় পরিবহণ ব্যবস্থা। চেন্নাই মেট্রো রেল ফেজ ২ (Phase 2) প্রকল্পের অধীনে নির্মিত প্রথম সেকশনটি সম্প্রতি সাধারণ যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় যৌথভাবে পুনমল্লী থেকে ভাদাপালানি পর্যন্ত বিস্তৃত প্রায় ১৫ কিলোমিটারের এই ঐতিহাসিক করিডোরের উদ্বোধন করেন।

হিটাচি রেলের চালকবিহীন অটোমেশন:

প্রকল্পটিতে সিগন্যালিং ও ট্রেন নিয়ন্ত্রণের পার্টনার হিসেবে কাজ করছে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ‘হিটাচি রেল’। সংস্থাটির তৈরি বিশেষ ‘কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল’ (CBTC) সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে এখানে গ্রেড অফ অটোমেশন ৪ (GoA4) প্রযুক্তির প্রয়োগ ঘটেছে। এই প্রযুক্তির ফলে কোনো মানব চালক ছাড়াই মেট্রো সম্পূর্ণ নিজে থেকে গতি নিয়ন্ত্রণ, ব্রেকিং এবং যাত্রী পরিবহণ পরিচালনা করতে পারবে।

মেগা বাজেটের এই হাইটেক প্রকল্পের মূল ফিচারসমূহ:

  • ১৬২০ কোটি টাকার বিনিয়োগ: ২০২৩ সালে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL) থেকে ১৬২০ কোটি টাকার মেগা চুক্তি পায় হিটাচি রেল। মোট ১১৯ কিলোমিটার লাইনে সিগন্যালিং, ট্রেন কন্ট্রোল ও সেফটি সিস্টেম ডিজাইনের দায়িত্ব সামলাচ্ছে তারা।

  • ৯০ সেকেন্ডের ব্যবধানে ট্রাফিক নিয়ন্ত্রণ: অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তির ফলে ব্যস্ত সময়ে প্রতি ৯০ সেকেন্ড অন্তর একটি করে মেট্রো চালানো সম্ভব হবে।

  • বিশেষ ডাবল ডেকার রুটিং: এই ১৫ কিলোমিটার রুটে ১১টি এলিভেটেড স্টেশন রয়েছে। যার মধ্যে ৩.৭ কিলোমিটার অংশ ডাবল ডেকার কাঠামোয় তৈরি, যা শহরের কেন্দ্রস্থলকে দ্রুত শহরের পশ্চিম প্রান্তের সঙ্গে যুক্ত করবে।

অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহারে শহরের সাধারণ যাত্রীদের সময় যেমন বাঁচবে, তেমনই দূষণহীন ও নিরাপদ ভ্রমণের ক্ষেত্রেও এক নতুন মাইলফলক তৈরি করবে এই চালকবিহীন মেট্রো।

Pratik Saha
  • Pratik Saha