চার বছরের মাথায় ফের ভাঙল সংসার! দ্বিতীয় বিয়েও ভাঙার কথা ঘোষণা করলেন জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর

চার বছরের দাম্পত্য জীবনের পর ফের ভাঙনের সুর বলিউডে। জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের দ্বিতীয় বিয়েও ভাঙনের মুখে এসে দাঁড়াল। স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন গায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে ব্যক্তিগত জীবনের এই কঠিন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন তিনি। একই সঙ্গে এই স্পর্শকাতর সময়ে সকলের কাছে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর বিশেষ আবেদনও জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে কণিকা লিখেছেন, “প্রিয় বন্ধু ও পরিবার, দীর্ঘ ভাবনাচিন্তার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সমস্ত সুন্দর মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনের জন্য তাঁর প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল। জীবনের এই নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার সময় আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাবেন এবং সহমর্মিতা দেখাবেন, এটাই অনুরোধ।” তবে ঠিক কী কারণে এই বিচ্ছেদ ঘটল, সে বিষয়ে মুখ খোলেননি গায়িকা।

উল্লেখ্য, গৌতম হাতিরামানির সঙ্গে এটি কণিকার দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চন্দোকের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। লন্ডনে সংসার পাতার পর তাঁদের তিন সন্তান—আয়ানা, সামারা ও যুবরাজের জন্ম হয়। দীর্ঘ দাম্পত্যের পর ২০১২ সালে রাজের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। পরবর্তীতে ভারতে ফিরে নিজের সঙ্গীত ক্যারেিয়ারে মন দেন তিনি। অন্যদিকে, গৌতমের সঙ্গে তাঁর দীর্ঘ ১৫ বছরের বন্ধুত্ব ছিল। বহু চড়াই-উতরাই পেরিয়ে ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘটা করে গৌতমকে বিয়ে করেছিলেন কণিকা। কিন্তু চার বছরের মাথায় সেই সম্পর্কেও ছেদ পড়ল।