চার দশকের রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান! ২০১ কোবরা ব্যাটালিয়নের সাথে কোথায় দীপাবলি কাটাচ্ছেন প্রধানমন্ত্রী?

চার দশকের রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান ঘটিয়ে ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী লাল দুর্গ বস্তার আজ সম্পূর্ণ নকশালমুক্ত। আর এই ঐতিহাসিক জয়ের আবহে এবার দেশের বীর নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোর উৎসব দীপাবলি (Diwali 2026) পালন করতে বস্তারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নকশাল দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ২০১ কোবরা (CoBRA) ব্যাটালিয়নের প্রধান কার্যালয় করণপুরে জওয়ানদের সাহসিকতা ও আত্মত্যাগকে কুর্নিশ জানাবেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সফরসূচি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে বস্তারের উদ্দেশ্যে রওনা দিলাম। একসময় যে এলাকায় মাওবাদের দাপট ছিল, আজ সেখানে উন্নয়নের জোয়ার বইছে। দেশের প্রতি নিঃস্বার্থ পরিষেবা এবং অটল নিষ্ঠার জন্য আমাদের বীর জওয়ানদের কুর্নিশ জানাতেই এই সফর।” কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সুপরিকল্পিত অপারেশন ও লাগাতার অভিযানের ফলস্বরূপ বস্তার এলাকা এখন পুরোপুরি মাওবাদীমুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে শতাধিক শীর্ষ মাওবাদী খতম হয়েছে এবং শত শত ক্যাডার মূলস্রোতে ফিরে এসেছে। সম্প্রতি ছত্তিশগড়ের আত্মসমর্পণকারী মহিলা মাওবাদীদের র্যাম্পে হেঁটে সমাজের মূলস্রোতে ফেরার দৃশ্য সারা দেশের নজর কেড়েছে।
প্রধানমন্ত্রী প্রতি বছরের মতো এবারও জওয়ানদের সঙ্গে উৎসব উদযাপনের ঐতিহ্য বজায় রেখেছেন। দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি দেশের ক্রমবর্ধমান আত্মনির্ভরতা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অভূতপূর্ব সাফল্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস (BrahMos) ক্ষেপণাস্ত্রের বিশ্বজোড়া চাহিদা এবং স্বদেশী স্টার্টআপ সংস্কৃতির দৌলতে ভারতের প্রতিরক্ষা রফতানি ৩০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মাওবাদী আতঙ্কের কালো ছায়া সরিয়ে বস্তার আজ শান্তির আলোয় উজ্জ্বল, আর সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণেই দেশের বীর জওয়ানদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী।