মাত্র ৬ হাজার টাকার জন্য এমন নৃশংসতা? বৌদি ও ভাইপোর মারধরে তাজা প্রাণ গেল যুবকের, তোলপাড় মন্দিরবাজার!

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার বাঙ্গাবেড়িয়ায় এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান বিক্রির সামান্য টাকা নিয়ে পারিবারিক বিবাদের জেরে ৩৪ বছরের যুবক নিত্যানন্দ অধিকারীকে পিটিয়ে খুনের তীব্র অভিযোগ উঠল তাঁর নিজেরই বৌদি ও ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত বৌদি দিপালী অধিকারী এবং ভাইপো বাবুসোনা অধিকারীকে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র ৬ হাজার টাকা নিয়ে পারিবারিক বচসা শুরু হয়েছিল। বিবাদ চরম আকার ধারণ করলে অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে নিত্যানন্দ অধিকারীকে বেধড়ক মারধর করে। রক্তাত্ব ও মারাত্মক জখম অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এই নির্মম অত্যাচারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। ঘটনা তদন্তে নেমে পুলিশ দ্রুত অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করে। আদালত ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ ঘটনার পেছনের সমস্ত কোণ খতিয়ে দেখছে।