গোপনে ৩টি ভিডিয়ো রেকর্ড, হাতজোড় করে ক্ষমা চাইলেন যুবক! কী নির্দেশ দিল হাইকোর্ট?

সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে একটি মামলার শুনানি চলাকালীন ভিডিয়ো রেকর্ডিং করতে গিয়ে ধরা পড়েছিলেন এক ব্যক্তি। আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তারও করা হয়। এ বার ওই ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিল উচ্চ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আদালত কোনো মনোরঞ্জনের জায়গা নয় এবং কোনো অবস্থাতেই শুনানি প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা যাবে না। পাশাপাশি এজলাসে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।

গত ১৯ নভেম্বর এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিক্রম ডি চৌহানের এজলাসে শুনানি চলার সময় বারাণসীর বাসিন্দা রাজ কুলশ্রেষ্ঠ নামে ওই ব্যক্তি ভিডিয়ো রেকর্ড করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ফোনটি পরীক্ষা করে শুনানি প্রক্রিয়ার তিনটি ভিডিয়ো ক্লিপ পাওয়া যায় বলে জানা গেছে। কেন তিনি শুনানির ভিডিয়ো করছিলেন, তার কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি রাজ। পরে জানা যায়, তাঁর কাছে কেবল আইনজীবীদের চেম্বারে যাওয়ার পাস ছিল, আদালত কক্ষে প্রবেশের বৈধ অনুমতি ছিল না।

এর পরেই বিচারপতি রাজকে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে প্রয়াগরাজের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দপ্তরে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়। তবে আদালত জানায়, ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তিনি জামিন পেতে পারেন, কিন্তু পরদিন অর্থাৎ ২০ নভেম্বর তাঁকে ফের হাইকোর্টে হাজির করাতে হবে।

নির্দেশ অনুযায়ী পরদিন রাজকে আদালতে হাজির করানো হয়। সেখানে তিনি হাতজোড় করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। বিচারপতি নির্দেশ দেন, ফোনে থাকা সব ভিডিয়ো মুছে ফেলতে হবে এবং ফোনটি ফ্যাক্টরি রিসেট করার পরেই তা ফেরত দিতে হবে। সেই সঙ্গে কোনোভাবেই ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না বলেও সতর্ক করা হয়।

বিচারপতি বলেন, শুনানি প্রক্রিয়া দেখার জন্য আদালতের দরজা খোলা রয়েছে মানেই ভিডিয়ো রেকর্ডিং করা যায় না। আদালতের কাজ গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা, এটি কোনো মনোরঞ্জনের জায়গা নয়। তাই শুনানি কক্ষে প্রবেশ করতে হলে মোবাইল ফোন বাইরে কোথাও রেখে আসতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি।