‘বিহারে একসময়ে দুর্নীতি বা কেলেঙ্কারি…’,বিরোধীদের তোপ দাগলেন নরেন্দ্র মোদী

শনিবার বিহারে ‘নীতীশ সেতু’ উদ্বোধনের পাশাপাশি প্রায় ৩৪ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী মঞ্চ থেকেই বিরোধীদের তীব্র আক্রমণ শানান তিনি। এ দিনের সভায় প্রধানমন্ত্রী বলেন, বিহারে একসময় সব আলোচনা ছিল দুর্নীতি বা কেলেঙ্কারি ঘিরে, আর আজ সব মনোযোগ উন্নয়নের ওপর। তাঁর দাবি, আগে যেখানে অপরাধের পরিসংখ্যান খবরের শিরোনামে থাকত, এখন এনডিএ সরকারের আমলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। বিহারে এনডিএ সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ‘বিকাশ পর্ব’ বলে অভিহিত করেন মোদী।
এ দিন বিহারের বৈশালী জেলায় মোট ১৫,৬০০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ১৪,৪৫০ কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এই তালিকায় রয়েছে জাতীয় সড়কের সম্প্রসারণ, নতুন সড়ক ও গঙ্গার ওপর সেতু নির্মাণ, বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোর উন্নয়ন, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের প্রকল্প এবং আইআইটি পটনার রিসার্চ পার্ক, হস্টেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো সংক্রান্ত একাধিক কাজ।
এই সব প্রকল্পের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হলো গঙ্গার ওপর নির্মিত ছয় লেনের ‘নীতীশ সেতু’। প্রায় ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই সেতু উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করবে। পটনা জেলার কচ্ছি দরগাহকে বৈশালীর বিদুপুরের সঙ্গে যুক্ত করেছে এই সেতু। মূল সেতুর দৈর্ঘ্য প্রায় ৯.৭ কিলোমিটার এবং সংযোগকারী রাস্তা-সহ গোটা প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ১৯.৭ কিলোমিটার। সেতুটি চালু হলে মহাত্মা গান্ধী সেতু এবং জেপি সেতুর ওপর যানবাহনের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে উত্তর বিহার থেকে পটনায় যাতায়াতের সময়ও কমবে।
তবে এই সেতুর নামকরণ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। আরজেডির দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পাশাপাশি এই প্রকল্পের কৃতিত্ব তাদেরও প্রাপ্য। তাদের বক্তব্য, নীতীশ কুমারের সঙ্গে অতীতে ক্ষমতা ভাগ করে নেওয়ার সময়েই এই সেতুর কাজ শুরু হয়েছিল। এর পাল্টা হিসেবে এ দিনের সভায় নীতীশের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। বিহার সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানোর কৃতিত্ব নীতীশ কুমারকেই দেন তিনি। পাশাপাশি জানান, বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নীতীশের আশীর্বাদ নিয়েই সেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।