গুরুত্বপূর্ণ কোনো রহস্যের কাছে পৌঁছে গিয়েছিলেন ওই সাংবাদিক? রাজীব প্রতাপের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ থাকা বিশিষ্ট সাংবাদিক রাজীব প্রতাপের দেহ অবশেষে রবিবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর যোশিয়াড়া হ্রদ থেকে উদ্ধার হলো। তাঁর নিখোঁজ হওয়ার পর থেকেই ঘটনাটি ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছিল।
ডিএসপি জনক সিং পনওয়ার জানান, নিখোঁজ হওয়ার পরদিনই অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ভগীরথী নদীর তীরে রাজীব প্রতাপের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকেই সন্দেহ ঘনীভূত হয়।
পরিবারের স্পষ্ট অভিযোগ: খুন
রাজীব প্রতাপের পরিবার প্রথম থেকেই এই ঘটনায় খুনের আশঙ্কা প্রকাশ করেছিল। দেহ উদ্ধারের পরেও তাঁরা একই দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, রাজীব প্রতাপকে খুন করা হয়েছে।
সাংবাদিক রাজীব প্রতাপ ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (IIMC)-এর প্রাক্তনী এবং Delhi Uttarakhand Live নামে একটি ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম পরিচালনা করতেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ ও তদন্তের জল্পনা
রাজীব প্রতাপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এই ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।
সাংবাদিক মহলের আশঙ্কা, কোনওভাবে কি গুরুত্বপূর্ণ কোনও রহস্য উদঘাটনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রাজীব প্রতাপ? যার ফলেই তাঁকে সরিয়ে দেওয়া হলো? পুলিশ এখন সেই সব দিক খতিয়ে দেখছে। আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, “পরিবার শুরু থেকেই খুনের আশঙ্কা প্রকাশ করেছিল। আমরা আশা করি পুলিশ স্বচ্ছ তদন্ত করবে।”
রাজীবের নিখোঁজ ও দেহ উদ্ধারের ঘটনায় সাংবাদিকের খুনের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে।