গায়ে ছিল সরকারি সুরক্ষা, তবুও শেষ রক্ষা হল না! খালের জল থেকে হিন্দু যুব বাহিনী নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে। লখনউয়ের একটি খাল থেকে হিন্দু যুব বাহিনীর বিভাগীয় ইন-চার্জ ধীরেন্দ্র প্রতাপ সিংয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার থেকেই নিখোঁজ ছিলেন ওই নেতা। প্রাথমিক তদন্তে তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উন্নাও জেলার ফতেহপুর চৌরাসি থানা এলাকার রাজেপুর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র প্রতাপ সিং হিন্দু যুব বাহিনীর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তাঁর সরকারি সুরক্ষাও ছিল। গত শনিবার সুশান্ত গলফ সিটি থানা এলাকা থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। অবশেষে বহু খোঁজাখুঁজির পর দুবাগ্গা এলাকার একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় উচ্চপর্যায়ের পুলিশ আধিকারিক ও ফরেনসিক টিম। খাল ও আশপাশের এলাকা থেকে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এমনকি মামলার গুরুত্ব বিচার করে ময়দানে নেমেছে স্পেশাল টাস্ক ফোর্স (STF)-ও। ইতিমধ্যে সন্দেহভাজন দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অতীতে রাজনৈতিক মহলের বিভিন্ন নেতার সঙ্গে ধীরেন্দ্রর যোগাযোগ থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ এবং তাঁকে গুলি করা হয়েছিল কি না, তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।