গাছের পাতা পচে যাচ্ছে? ঘরে থাকা এই উপাদানগুলো স্প্রে করলেই এক সপ্তাহে ম্যাজিক দেখবেন

বর্ষার মৌসুমে গাছপালা সতেজ হয়ে উঠলেও অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে গাছের গোড়ায় ও পাতায় পোকা-মাকড় এবং ছত্রাকের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে যায়। গাছের এই দশা থেকে রক্ষা পেতে বাজারচলতি কেমিক্যাল কীটনাশকের ওপর ভরসা না রেখে ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। সঠিক নিয়মে এই ঘরোয়া উপায়গুলো প্রয়োগ করলে মাত্র এক সপ্তাহের মধ্যেই মিলবে দারুণ ফলাফল।

গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নিমের কার্যকারিতা প্রমাণিত। স্প্রে বোতলে সামান্য জলের সঙ্গে পরিমিত নিম তেল মিশিয়ে গাছে স্প্রে করা যায়। এ ছাড়া জলে নিম পাতা ফুটিয়ে সেই জল বা নিম পাতা বাটা জলে গুলে গাছের গোড়ায় ও পাতায় স্প্রে করলেও দুর্দান্ত কাজ হয়। অন্যদিকে, রান্নাঘরে থাকা রসুন বেটে তার সঙ্গে জল ও সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে তৈরি করে নিতে পারেন শক্তিশালী জৈব কীটনাশক। মিশ্রণটি ভালোভাবে ছেঁকে স্প্রে বোতলে ভরে গাছের পাতা ও কাণ্ডে স্প্রে করলে পোকামাকড়ের উপদ্রব দ্রুত কমে যায়।

গাছের পাতায় সাদা বা কালো ছত্রাকের সংক্রমণ দেখা দিলে ব্যবহার করতে পারেন হালকা গরম ছাই। গোবরের ঘুঁটে পুড়িয়ে তৈরি করা সেই ছাই সামান্য উষ্ণ অবস্থায় গাছের ওপর নিয়মিত ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়, যা বিশেষ করে শিম ও মটর গাছের লতায় খুব ভালো কাজ করে। এ ছাড়া আধা কাপ সাদা ভিনেগার, দুই চা চামচ বেকিং সোডা এবং তার দ্বিগুণ পরিমাণ জল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে স্প্রে করলেও গাছের পোকা দূর হয়। তবে মনে রাখা ভালো, এগুলি প্রাকৃতিক উপাদান হলেও গাছ থেকে উৎপাদিত ফল বা শাকসবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি।