বঙ্গ রাজনীতির ভাগ্য নির্ধারণ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আগামী ৪ মে সোমবার জানা যাবে আগামী পাঁচ বছর বাংলার মসনদ কার দখলে থাকছে। তবে ফলাফল প্রকাশের আগে বিন্দুমাত্র ঢিলেমি দিতে নারাজ শাসক দল। সূত্রের খবর, ভোট গণনার দিন কাউন্টিং এজেন্টরা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন এবং প্রতিটা বুথের হিসেবে কড়া নজর রাখতে পারেন, তার জন্য আগামীকাল শনিবার এক বিশেষ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের নজরে ‘কাউন্টিং টেবিল’
তৃণমূল সূত্রে খবর, শনিবারের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা স্তরের নেতা থেকে শুরু করে প্রতিটি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের এই ভার্চুয়াল সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা এড়ানো এবং গণনা কেন্দ্রের ভেতরে বিরোধীদের কোনো প্রকার চাল রুখে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি গাইডলাইন দেবেন বলে জানা যাচ্ছে। মূলত ইভিএম (EVM) এবং ভিভিপ্যাট (VVPAT) গণনার সময় সতর্কতা অবলম্বন করাই এই সভার মূল লক্ষ্য।
কেন এই বাড়তি সতর্কতা?
বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তৃণমূল এবার কাউন্টিং এজেন্ট নির্বাচনে বিশেষ জোর দিয়েছে। দলের নির্দেশ— কোনোভাবেই যেন গণনাকেন্দ্র ছেড়ে এজেন্টরা বেরিয়ে না আসেন। প্রতিটি রাউন্ডের শেষে সার্টিফিকেট না নেওয়া পর্যন্ত তাদের লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ৪ মে-র লড়াই যতটা ইভিএম-এর, ততটাই গণনাকেন্দ্রের ভেতরের স্নায়ুর লড়াই। আর সেই লড়াইয়ে এক চুল জমিও ছাড়তে রাজি নন অভিষেক।
প্রস্তুত বিরোধীরাও
অন্যদিকে, তৃণমূলের এই তৎপড়তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও বাম-কংগ্রেস জোট। বিরোধীদের দাবি, পরাজয় নিশ্চিত বুঝেই নিজেদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এই ধরনের বৈঠকের আয়োজন করছে শাসক দল। তবে ৪ মে ফলাফল যেদিকেই যাক না কেন, তার আগে তৃণমূলের এই ‘মিশন ৪ মে’ ঘিরে রাজ্য রাজনীতিতে এখন টানটান উত্তেজনা।
শনিবারের এই হাইভোল্টেজ বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের ঠিক কী কী বিশেষ নির্দেশ দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
ভোট গণনার প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে।





