গঙ্গার ভাঙনে বিপর্যস্ত রেল পরিষেবা! সাহেবগঞ্জ সেকশনে ধসের জেরে বাতিল একঝাঁক ট্রেন

গঙ্গার তীব্র ভাঙনের জেরে মালদা ডিভিশনে রেল পরিষেবা বেহাল হয়ে পড়েছে। সাহেবগঞ্জ–বারহাড়োয়া সেকশনে ট্রেন লাইনে ব্যাপক ভাঙন দেখা দেওয়ার ফলে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিরাপত্তার খাতিরে আজ হাওড়া থেকে সাহেবগঞ্জ এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি বারহাড়োয়া-সাহেবগঞ্জ ও সাহেবগঞ্জ-বারহাড়োয়া প্যাসেঞ্জারসহ মোট ৯টি এমইইউ (MEMU) ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। তবে দূরপাল্লার যে ট্রেনগুলি এই রুট দিয়ে যাতায়াত করে, সেগুলির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। গয়া-হাওড়া, বালিয়া-শিয়ালদা এবং কাঠগুদাম থেকে হাওড়ামুখী বাঘ এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। গয়া–হাওড়া এক্সপ্রেস কিউল–ঝাঝা–আসানসোল হয়ে চালানো হচ্ছে। হঠাৎ এমন বিপর্যয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেল আধিকারিকরা।
অন্যদিকে, ট্রেন বাতিলের এই খবরের মাঝেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) ইয়ার্ডে দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রক্ষণাবেক্ষণের জন্য নিয়ে যাওয়ার সময় খালি থাকা মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের (Train No. 12261) প্যান্ট্রি কারে ভোর ৩টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ আগুন দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। মাত্র কুড়ি মিনিটের মধ্যে, অর্থাৎ ভোর ৪টা ৫ মিনিটের মধ্যেই দমকলকর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ট্রেনটি সম্পূর্ণ খালি থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঠিক কী কারণে প্যান্ট্রি কারটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল বিভাগ।