খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশু ইয়াকুব শেখের, কান্দিতে শোকের ছায়া!

মুর্শিদাবাদের কান্দি পৌরসভা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ দুপুরে পুকুর ধারে খেলা করতে গিয়ে দুর্ঘটনাবশত জলে ডুবে প্রাণ হারিয়েছে সাত বছর বয়সী শিশু ইয়াকুব শেখ। সে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল।

জানা গেছে, ইয়াকুব খেলতে খেলতে ১২ নম্বর ওয়ার্ডের তিলি পুকুরে পা পিছলে পড়ে যায়। শিশুটির সন্ধান না পাওয়ায় এলাকায় দ্রুত খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কান্দি থানার আইসি মৃণাল সিনহা, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পার্থপ্রতিম সরকার। প্রশাসনের সঙ্গে মিলে ডুবুরি নামানো হয় এবং মাছ ধরার বড় জালও ফেলা হয়।

উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ, পরিবারে কান্নার রোল
কয়েক ঘণ্টা পর ইয়াকুবের নিথর দেহ উদ্ধার করা হয় এবং দ্রুত তাকে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই পুকুরে গভীর খাদ রয়েছে। পুকুর ধারে খেলা করার সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে, তা কেউ বুঝে উঠতে পারেননি। বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, “আমরা খবর পাওয়া মাত্রই ছুটে যাই। ডুবুরি ও জালের সাহায্যে দেহ উদ্ধার করা হয়। পরিবারের ছোট্ট শিশুর মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ।”

এই ঘটনায় গোটা পরিবারসহ গ্রামজুড়ে কান্নার রোল নেমে এসেছে। কান্দি থানার পুলিশ জানিয়েছে, আজ দুপুরে ময়নাতদন্তের পর শিশুর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। গোটা এলাকা জুড়েই শোকের পরিবেশ বিরাজ করছে।