“খাঁচা থেকে বেরোলেই ফের তৃণমূল শুভেন্দু!” মহম্মদ সেলিমের বিস্ফোরক দাবিতে শোরগোল

মঙ্গলবার হুগলির চন্দননগরে জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে যেভাবে ফের তৃণমূল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, শুভেন্দু অধিকারীও সুযোগ পেলে বিজেপির ‘খাঁচা’ থেকে বেরিয়ে আবার তৃণমূলে ফিরে যাবেন।
এদিন চন্দননগরের রাস্তায় দাঁড়িয়ে সেলিম বলেন, “আমাদের কাছে চিটফান্ড বা সোনা পাচারের কালো টাকা নেই। তাই মানুষের টাকাতেই মানুষের লড়াই লড়তে আমরা পথে নেমেছি।” অন্যদিকে, জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা উসকে দিলেও জোট প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। তবে কংগ্রেসের নীরবতা নিয়ে কিছুটা আক্ষেপের সুর শোনা গিয়েছে তাঁর গলায়।
এদিন কোন্নগরের নবগ্রামে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং এসআইআর (SIR) ইস্যু নিয়ে তিনি ক্ষোভ উগরে দেন। মিনাক্ষীর প্রশ্ন, “বিধানসভা ফাঁকা রেখে মানুষের ট্যাক্সের টাকায় কেন দিল্লি যাওয়া? অন্যান্য রাজ্যের মতো বিধানসভায় বিল পাশ করলেই তো মিটে যেত।” ২০২৬-এর নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বামফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াই করবে বলেও স্পষ্ট জানান তিনি।