“বিশ্বাসঘাতক বন্ধু, তুমি আবার ফিরবে”— বিট্টুকে রাহুলের খোঁচা! পাল্টা ‘দেশদ্রোহী’ তকমা মন্ত্রীর

সংসদ ভবনের মকর দ্বারের সামনে বুধবার মুখোমুখি হলেন দুই প্রাক্তন সহকর্মী— রাহুল গান্ধী এবং রভনীত সিং বিট্টু। একসময় কংগ্রেসের সতীর্থ থাকলেও, আজ তাঁরা যুযুধান দুই শিবিরের সৈনিক। অধিবেশন শুরুর আগে বিরোধীদের বিক্ষোভ চলাকালীন বিট্টুকে আসতে দেখে রাহুল গান্ধী টিপ্পনি কেটে বলেন, “দেখুন, একজন বিশ্বাসঘাতক হেঁটে আসছেন। ওঁর মুখটা দেখুন।”
তিনবারের কংগ্রেস সাংসদ বিট্টু চব্বিশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে এখন কেন্দ্রীয় মন্ত্রী। রাহুলের মুখে ‘বিশ্বাসঘাতক’ শুনেই মেজাজ হারান তিনি। রাহুল হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিলেও বিট্টু তা প্রত্যাখ্যান করেন। উল্টে রাহুলকে সরাসরি ‘দেশের শত্রু’ বলে আক্রমণ শানান তিনি।
রাহুল অবশ্য দমে যাননি। বিট্টুকে পাশ কাটিয়ে যেতে দেখে তিনি হাসিমুখে বলেন, “আমার ভাই, আমার বিশ্বাসঘাতক বন্ধু! চিন্তা করবেন না। আপনি আবার (কংগ্রেসে) ফিরে আসবেন।” সংসদের অলিন্দে এই দুই হেভিওয়েট নেতার ব্যক্তিগত সংঘাত এবং তীক্ষ্ণ শব্দবাণ এখন রাজনীতির অলিন্দে হট টপিক।