অনলাইনে প্রকাশ হোক সব তথ্য! শীর্ষ আদালতে সওয়াল চলাকালীন বড় দাবি মমতার আইনজীবীদের

দেশের বিচারব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুরু হলো পশ্চিমবঙ্গের বহুল চর্চিত এসআইআর (SIR) মামলার শুনানি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক অন্য ভূমিকায় দেখল দেশ। মামলার শুরুতে তিনি কিছুটা পিছিয়ে থাকলেও, শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাটকীয়ভাবে নিজের আসন পরিবর্তন করে সোজা আইনজীবীদের সামনের সারিতে চলে আসেন তিনি।
ভার্চুয়ালি এই শুনানিতে যোগ দিয়েছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল, আর আদালতে সশরীরে সওয়াল করছেন দুঁদে আইনজীবী শ্যাম দেওয়ান। মমতার তরফে ইতিমধ্যেই আদালতে একটি বিশেষ ‘নোট’ জমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর আইনজীবীরা দাবি জানিয়েছেন, ভোটার তালিকায় কথিত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা অসংগতির জন্য কেন সাধারণ মানুষকে তলব করা হচ্ছে, তার কারণ স্পষ্ট করতে হবে। পাশাপাশি, এই সংক্রান্ত সমস্ত তথ্য অনলাইনে প্রকাশের জন্য বিচারপতিদের কাছে আবেদন জানানো হয়েছে।
পুরনো নির্দেশের চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন কড়া যুক্তি সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রী খোদ সওয়ালের জন্য সামনের সারিতে চলে আসায় আদালত কক্ষের উত্তেজনা এখন তুঙ্গে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কমিশনকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এখন সেটাই দেখার।