ক্রেতা থেকে সোজা সরবরাহকারী! বাংলা থেকে কয়লা কিনে এবার তাক লাগিয়ে দিল কে?

রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড বা WBPDCL। একসময় কয়লার চাহিদার জন্য বাইরের বিভিন্ন সংস্থার উপর মুখাপেক্ষী হয়ে থাকতে হলেও, বর্তমানে তারা শুধু নিজেদের ১০০ শতাংশ চাহিদা মেটাচ্ছেই না, বরং উদ্বৃত্ত কয়লা বাইরে বিক্রি করে নতুন আয়ের পথ প্রশস্ত করেছে।

নিজেদের ক্যাপটিভ খনি থেকে রেকর্ড পরিমাণ কয়লা উৎপাদিত হওয়ায় ২০২৪-২৫ অর্থবর্ষ থেকেই কোল ইন্ডিয়ার উপর নির্ভরতা সম্পূর্ণ শূন্যে নামিয়ে এনেছে এই সংস্থা। অতীতে ২০১৯-২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, যেখানে নিজস্ব খনি থেকে নামমাত্র উৎপাদন হয়ে বাকি ১২.৫৭ মিলিয়ন টন কয়লা কোল ইন্ডিয়ার কাছ থেকে নিতে হতো, সেখানে ২০২৪-২৫ সালে নিজস্ব কয়লা উৎপাদন একলাফে বেড়ে ২১.৫ মিলিয়ন টনে এসে দাঁড়িয়েছে।

প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত উৎপাদন হওয়ায় উদ্বৃত্ত কয়লা খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে এনটিপিসি (NTPC)-কে কয়লা সরবরাহও শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আগামী বছরের মার্চ মাসের মধ্যে মোট ৩.৫ মিলিয়ন টন বা প্রায় ৩৫ লক্ষ টন কয়লা বিক্রির এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য বিদ্যুৎ উৎপাদন সংস্থা। এর ফলে একদিকে যেমন শক্তির দিক থেকে রাজ্য পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠেছে, তেমনই অন্যদিকে কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব জমার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

Aditi Banik
  • Aditi Banik