বন্ধ হচ্ছে পুজো কার্নিভাল! বড় ধাক্কা দিয়ে নতুন সরকারের প্রথম দুর্গোৎসবে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যে নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো। আর প্রথম বছরেই উৎসবের দিনগুলোকে কেন্দ্র করে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে বসে এই সমস্ত নির্দেশিকা ও ঘোষণা প্রকাশ্যে আনা হয়।
কার্নিভাল বন্ধ এবং ইডেনে মেগা উদযাপন
গত কয়েক বছর ধরে রেড রোডে যে দুর্গাপুজো কার্নিভাল হয়ে আসছে, নতুন সরকার তা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কার্নিভাল না হলেও মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হবে এক মেগা উদযাপন। ওই দিন রাজ্য সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া মহালয়ার আগে অর্থাৎ পিতৃপক্ষের সময়ে কোনওভাবেই পুজো উদ্বোধন করা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুজো অনুদান ও বিদ্যুৎ মাশুল মকুব
বিগত সরকারের আমলে চালু হওয়া পুজো অনুদান প্রথা বজায় রাখলেও অনুদানের অঙ্কে পরিবর্তন আনা হয়েছে। এবছর পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, এই অনুদান নেওয়া সম্পূর্ণ বাধ্যতামূলক নয়। বড় বাজেটের পুজোগুলিকে সরকারি সাহায্য না নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। পাশাপাশি পুজোর মণ্ডপগুলিতে বিদ্যুৎ মাসুল ১০০ শতাংশ মকুব করা হয়েছে (সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদ উভয় ক্ষেত্রেই)। ফায়ার ব্রিগেডের লাইসেন্সের জন্যও কোনো ফি দিতে হবে না।
কড়া নজর শৃঙ্খলা ও নিয়মে
পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের স্বস্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে:
ডিজে নিষিদ্ধ: পুজো বা বিসর্জন—কোথাও ডিজে বক্স বাজানো যাবে না।
যানজট রোধ: রেড রোড, স্ট্র্যান্ড রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড ও লেনিন সরণি সহ কলকাতার ১৩টি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে কোনো পুজো করা যাবে না।
মদ বিক্রি বন্ধ: মহাষ্টমীর দিন রাজ্যে সমস্ত মদের দোকান ও বার বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
ভাসানের সময়সীমা: আগামী ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো হওয়ায়, ২৪ অক্টোবরের মধ্যেই সমস্ত প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, পুজোর দিনগুলিতে যে সমস্ত পুলিশ, দমকল, স্বাস্থ্য, পরিবহন কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা দিনরাত পরিষেবা দেবেন, তাঁদের জন্য উৎসব শেষে সবেতন দু’দিনের অতিরিক্ত ছুটির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। সরকারের এই নতুন পদক্ষেপগুলিকে সাধুবাদ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।