‘কোডিং ছাড়াই বিনামূল্যে শিখুন এআই ও মার্কেটিং!’ স্টেট ব্যাঙ্কের দুর্দান্ত ফ্রি অনলাইন কোর্স নিয়ে হইচই

বর্তমান প্রতিযোগিতার যুগে কেবল প্রথাগত ডিগ্রি দিয়ে চাকরি পাওয়া বা কেরিয়ার গড়া বেশ কঠিন। কাজের বাজারে টিকে থাকতে হলে নতুন নতুন স্কিল বা দক্ষতার জুড়ি মেলা ভার। দেশের সাধারণ মানুষ ও চাকরিপ্রার্থীদের এই প্রয়োজনের কথা মাথায় রেখে এবার এক দারুণ উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সংস্থার অফিসিয়াল এডেক্স (edx) প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে একাধিক অনলাইন কোর্স করার সুযোগ নিয়ে এসেছে দেশের বৃহত্তম এই সরকারি ব্যাঙ্ক।
এই প্ল্যাটফর্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), জেনারেটিভ AI, ডিজিটাল মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ডিং থেকে শুরু করে ফিন্যান্স এবং ব্যাঙ্কিংয়ের ওপর নানা আকর্ষণীয় কোর্স করানো হচ্ছে। বিশেষ করে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা কোডিংয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যে কেউ এই কোর্সগুলি থেকে সহজেই জ্ঞান অর্জন করতে পারবেন।
এই কোর্সগুলির বিশেষত্ব ও কী কী সুবিধা মিলবে?
AI ও জেনারেটিভ AI: ব্যবসার প্রসার বা অটোমেশনের জন্য কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনারেটিভ AI ব্যবহার করা যায়, তা শেখানো হবে। এমনকি ফিন্যান্সে মেশিন লার্নিং ও জেনারেটিভ AI-এর প্রয়োগ নিয়েও বিশেষ গাইডেন্স মিলবে।
ডিজিটাল মার্কেটিং: ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন, ফিন্যান্সিয়াল সার্ভিসেসে রিলেশনশিপ মার্কেটিং স্ট্র্যাটেজি এবং মার্কেটিং সাইকোলজির খুঁটিনাটি খুব সহজেই আয়ত্ত করা যাবে।
ফিন্যান্স ও ব্র্যান্ডিং: পার্সোনাল ব্র্যান্ডিং ও জেনারেল ব্র্যান্ডের ফারাক কোথায় এবং কেরিয়ারে পার্সোনাল ব্র্যান্ডিং কেন জরুরি, তার বিশদ পাঠ দেওয়া হবে।
কোর্সগুলি একদম ফ্রিতে স্টাডি করা গেলেও, কেউ যদি ‘লার্নার ভেরিফায়েড সার্টিফিকেট’ বা শংসাপত্র পেতে চান, তবে তার জন্য সামান্য ফি দিতে হতে পারে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কোর্সগুলি উপলব্ধ রয়েছে। আগ্রহীরা edx প্ল্যাটফর্মে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।