‘কেউ বাঁচতে পারবে না!’ মহুয়ার বিস্ফোরক পোস্টের চরম জবাব দিলেন মনোজ আগরওয়াল, আনছেন মানহানির মামলা!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সোশ্যাল মিডিয়া পোস্টের তীব্র কড়া জবাব দিলেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নিউজ১৮ বাংলাকে দেওয়া এক একান্ত টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তিনি নিজের দায়িত্ব পালন করেছেন এবং বেআইনিভাবে কাউকেই ভোটার তালিকা থেকে বাদ দেননি।
কিছুদিন আগেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালের ছবি পোস্ট করে আক্রমণ শানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “এরাই বাংলার এসআইআরের সবথেকে বড় কারিগর। সব ধরনের অবৈধ কাজ করেছেন এরা। এরা কেউ বাঁচতে পারবে না।”
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মনোজ কুমার আগরওয়াল বলেন, “প্রমাণ ছাড়া এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করা যায় না। আমার কাছে যে কেউ উত্তর চাইলে আমি দিতে প্রস্তুত। কিন্তু কীসের ভিত্তিতে এবং কী প্রমাণের ওপর ভিত্তি করে এই অভিযোগ আনা হয়েছে, তা আমার বোধগম্য নয়।” নিজের এক্তিয়ার পরিষ্কার করে তিনি জানান, মুখ্য নির্বাচনী আধিকারিকের নিজের থেকে ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার কোনও আইনি ক্ষমতা নেই। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একচ্ছত্র অধিকার একমাত্র ইআরও (ERO)-র রয়েছে, যাঁর উপরে জেলা নির্বাচনী আধিকারিক ও আপিল কর্তৃপক্ষ থাকেন। সুব্রত গুপ্ত সেই সময় পর্যবেক্ষক ছিলেন এবং তাঁর কোনও বিধিবদ্ধ ক্ষমতা ছিল না। তিনি কেবল অনিয়ম দেখলে কমিশনকে রিপোর্ট করতে পারতেন।
এই মানহানিকর প্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে মনোজ আগরওয়াল জানান যে, তিনি বিষয়টি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের কাছে পাঠিয়েছেন। তিনি লক্ষ্মণরেখা মেনেই আইনসম্মতভাবে এগোবেন এবং মানহানির মামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহেই সুপ্রিম কোর্টে বড় মোড় নিয়েছে মামলাটি। শীর্ষ আদালত কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, এসআইআর সংক্রান্ত সংশোধিত ফর্ম ৬-এর পরিবর্তনের কোনও অনুমোদন সুপ্রিম কোর্ট দেয়নি। কমিশন দাবি করেছিল তাদের সংশোধিত ফর্ম ৬ সুপ্রিম কোর্টের অনুমোদিত, যা সোমবার সরাসরি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সবমিলিয়ে, এসআইআর এবং ভোটার তালিকা সংক্রান্ত আইনি ও রাজনৈতিক লড়াইয়ে রাজ্য রাজনীতি এখন চরম উত্তাল।