ওভারটেকের কেরামতি! ৬০ নম্বর জাতীয় সড়কে ১২ চাকা লরির ধাক্কা, বোলেরো দুমড়ে আহত ৪ ফুটবলার

পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা এলাকার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কে সোমবার রাতে ঘটে গেল এক সাংঘাতিক দুর্ঘটনা। হরিপুরের শোনপুর মোড়ের কাছে একটি ১২ চাকা লরির সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে অন্তত চারজন ফুটবল খেলোয়াড় আহত হয়েছেন। জানা যাচ্ছে, বোলেরো গাড়িটিতে প্রায় আটজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তাঁরা বীরভূম থেকে ফুটবল ম্যাচ খেলে নিজেদের বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সূত্রে খবর, খেলোয়াড়রা দুটি গাড়িতে—একটি স্করপিও এবং একটি বোলেরোতে—ফিরছিলেন এবং দুই গাড়ির মধ্যে চলছিল বিপজ্জনক ওভারটেকের প্রতিযোগিতা। ঠিক সেই সময় উলটো দিক থেকে একটি ১২ চাকা লরি আসছিল। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বোলেরো গাড়িটি সজোরে লরিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বোলেরো গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। লরির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। বোলেরো গাড়ির চালকের আঘাত গুরুতর।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। পাণ্ডবেশ্বর থানা ও পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহত ফুটবলারদের অবস্থা স্থিতিশীল হলেও, চালকের আঘাত গুরুতর বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।