ঐতিহাসিক মুহূর্ত, আরএসএস-এর ১০০ বছর পূর্তি, দিল্লি থেকে বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর শতবর্ষ উদযাপনে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১ অক্টোবর, বুধবার, নয়াদিল্লির ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি সঙ্ঘের এক শতাব্দীর যাত্রাকে স্মরণ করে একটি বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাকটিকিট (Commemorative Postage Stamp) এবং মুদ্রা (Coin) প্রকাশ করবেন। এরপর তিনি সমাবেশে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে ভাষণও দেবেন।

১৯২৫ সালে ড. কেশব বলিরাম হেডগেওয়ার মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন। একশো বছরের এই যাত্রায় আরএসএস সাংস্কৃতিক সচেতনতা, শৃঙ্খলা, সেবা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে দেশের অন্যতম প্রভাবশালী আর্থ-সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। এই শতবর্ষ উদযাপন সঙ্ঘের ঐতিহাসিক অর্জন এবং ভারতের সাংস্কৃতিক যাত্রায় এর অবদানকে তুলে ধরবে।