এসআইআর আবহে ভোটার লিস্টে বড় বিপত্তি! জীবিত ভোটারের ছবির জায়গায় শহীদ ভগৎ সিংয়ের ছবি

দেশজুড়ে চলমান এসআইআর (SIR) বিতর্কের মাঝেই পঞ্জাবের ভোটার তালিকা নিয়ে এক অদ্ভুত ও অনভিপ্রেত ঘটনায় তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। লুধিয়ানা পূর্ব বিধানসভা কেন্দ্রের একটি ভোটার তালিকায় জীবিত ভোটারের ছবির পরিবর্তে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিংয়ের ছবি দেখতে পাওয়া যায়। এই চাঞ্চল্যকর ত্রুটি প্রকাশ্যে আসতেই বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর আক্রমণ শানিয়েছে। পঞ্জাবের কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং প্রথম এই গুরুতর ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই বিতর্কিত তালিকার ছবি পোস্ট করে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, “বাস, এটাই দেখা বাকি ছিল।” জানা গিয়েছে, লুধিয়ানা পূর্বের ৩৮ নম্বর পোলিং বুথের ৪২২ নম্বর সিরিয়াল নম্বরে থাকা ভোটারের ছবির জায়গায় স্বাধীনতা সংগ্রামীর ছবি ছাপা হয়েছিল। কংগ্রেস নেতাদের দাবি, গত ১৩ আগস্ট প্রকাশিত এসআইআর-এর খসড়া তালিকা থেকেই এই গরমিল চোখে পড়ে। এই ধরনের ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রশাসনের কার্যকারিতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। যদিও এই বিতর্কের প্রেক্ষিতে জেলা নির্বাচন প্রশাসন এবং লুধিয়ানার নির্বাচনী আধিকারিকরা সাফাই দিয়ে জানিয়েছেন যে, বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। প্রশাসনের দাবি, আগের ভোটার তালিকাতেই এই ভুল ছবি ছিল, যা অসাবধানতাবশত এসআইআর-এর খসড়া তালিকাতেও চলে এসেছিল। তবে এসআইআর যাচাইকরণ প্রক্রিয়ার সময় বিষয়টি নজরে আসতেই তা সংশোধন করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকের চূড়ান্ত ভোটার তালিকায় সমস্ত ত্রুটি সংশোধন করে সঠিক ছবিই প্রকাশ করা হবে। তবুও দেশজুড়ে যখন ভোট চুরি ও তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক দড়িটানাটানি চলছে, তখন পঞ্জাবের এই ভুলের ঘটনা নতুন করে আগুনে ঘি ঢেলেছে।