এমএ বেবির পর এবার এসএফআই! আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে ছাত্র সংগঠনগুলিকে বড় একজোট হওয়ার ডাক

নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই! ১০ অক্টোবর যন্তর মন্তরে সমস্ত ছাত্র সংগঠনকে একজোট হওয়ার ডাক এসএফআইয়ের

চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ করল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। সিপিএমের প্রবীণ নেতা এমএ বেবির পথ অনুসরণ করে এবার দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে এক মঞ্চে এসে প্রতিবাদ জানানোর আহ্বান জানাল এসএফআই।

এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে লিখিত আবেদনপত্র পাঠানোর পাশাপাশি মৌখিকভাবেও যোগাযোগ শুরু করেছেন। এসএফআই নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার জেরে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সংস্কার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং বিতর্কিত এসআইআর প্রক্রিয়া প্রত্যাহারের তিন দফা দাবি সামনে রেখে যন্তর মন্তরের এই কর্মসূচিকে একটি বৃহত্তর ছাত্র ঐক্যের রূপ দিতে চাইছে বাম ছাত্র সংগঠন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার এই লড়াইয়ে সমস্ত ছাত্র ও যুব সংগঠনকে এক ছাতার নিচে আসার অনুরোধ জানিয়েছে এসএফআই। আগামী ১০ অক্টোবরের এই কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে ছাত্র আন্দোলনের পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।