‘এটা তো স্রেফ একটা উপনির্বাচন!’ এসআইআর মামলার জরুরি শুনানি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র রেজিনগর ও নন্দীগ্রামে রয়েছে উপনির্বাচন। ঠিক তার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত এসআইআর (SIR) মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেই আর্জি এক লহমায় খারিজ করে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই মামলার শুনানি হবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৫ অক্টোবরই। অর্থাৎ, ভোটের ঠিক আগের দিন এই মামলার নিষ্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির জরুরি শুনানির আবেদন করেন আইনজীবী। তাঁর যুক্তি ছিল, ৬ অক্টোবর ভোট রয়েছে অথচ হাজার হাজার ভোটারের নাম বাদ পড়ার আবেদন এখনও বিচারাধীন। আগের নির্বাচনেও বহু মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যদি ভোটের আগে এই জট না কাটে, তবে এবারও তাঁরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। সেই কারণেই জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি অত্যন্ত জরুরি।

কিন্তু সেই যুক্তি ধোপে টেকেনি। উপনির্বাচনের কথা উল্লেখ করে মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির মোক্ষম পর্যবেক্ষণ, ‘এটা তো শুধুমাত্র একটা উপনির্বাচন। আমরা পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী আগামী পাঁচ অক্টোবরই এই মামলা শুনব।’

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় মুর্শিদাবাদ জেলাতেই সবথেকে বেশি মানুষের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে এর আগে আলাদা পিটিশন দাখিল করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। তবে সমস্ত আইনি জল্পনার অবসান ঘটিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত ৫ অক্টোবর তারিখেই মামলার শুনানি হবে, যার ফলে ভোটের মুখে অনিশ্চয়তার মেঘ কাটছে না ভুক্তভোগী ভোটারদের।