একসময় যে ফেডারেশনের গদিতে বসে গোটা টলিউডকে নিয়ন্ত্রণ করতেন স্বরূপ বিশ্বাস, আজ পুলিশের হাত ধরে সেই অফিসেই ফিরতে হলো তাঁকে। তোলাবাজি, যৌন হেনস্থা এবং খুনের চেষ্টার অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন ফেডারেশন সভাপতিকে নিয়ে বুধবার টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োতে হানা দিল নিউ আলিপুর থানার পুলিশ।
রাজনৈতিক সমীকরণ বদলের পর থেকেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে পড়েছে টলিপাড়ায়। গত ৪ জুন তাঁকে গ্রেফতারের পর থেকেই নিত্যনতুন অভিযোগ সামনে আসছে। এরই প্রেক্ষিতে তদন্তের প্রয়োজনে গত দুদিন তাঁর ফ্ল্যাট এবং সুরুচি সঙ্ঘের ক্লাবে চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ। সেই সূত্র ধরেই বুধবার স্বরূপকে নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান্স স্টুডিয়োতে।
এদিন স্টুডিয়োর ফেডারেশন অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় দীর্ঘ সময় চলে তল্লাশি অভিযান। তবে সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বা সূত্র উদ্ধার হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। পুলিশের এই অভিযান চলাকালীনই স্টুডিয়ো চত্বরে টেকনিশিয়ানদের একাংশের মধ্যে তীব্র গুঞ্জন শোনা যায়। একাধিক কর্মীকে বলতে শোনা যায়, “এখানে কিছুই পাবেন না। রবি হাজরা সব সরিয়ে নিয়ে গিয়েছে। জয়ন্তী দাস কোথায়?”
এদিনের পুরো তল্লাশি অভিযানে স্বরূপ বিশ্বাসকে যথেষ্ট বিমর্ষ দেখাচ্ছিল। সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। প্রসঙ্গত, আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ রয়েছে স্বরূপ বিশ্বাসের। ফেডারেশনের অন্দরে লুকিয়ে থাকা সমস্ত গোপন তথ্য ও আর্থিক লেনদেনের হিসেব খুঁজে বের করতেই এই মরিয়া চেষ্টা পুলিশের, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।





