এক বছরেই মোট ১১% ডিএ বৃদ্ধি! ৮ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জ্যাকপট উপহার মুখ্যমন্ত্রীর!

উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এল বছরের সেরা সুখবর! রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এক ধাক্কায় আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। বুধবার দীপাবলির বিশেষ উপহার হিসেবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে রাজ্যের প্রায় ৮ লক্ষ সুবিধাভোগী সরাসরি লাভবান হবেন।
মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রশাসনিক ব্যবস্থার ‘মেরুদণ্ড’ হিসেবে অভিহিত করে জানান, কর্মচারী ও পেনশনভোগীদের নিরলস পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই আলোর উৎসবে তাদের ঝুলিতে এই বিশেষ উপহার তুলে দেওয়া হলো।
নভেম্বরের বেতনেই যুক্ত হবে বর্ধিত ডিএ!
সরকারি নির্দেশিকা অনুযায়ী, নতুন করে ঘোষিত ৩ শতাংশ বর্ধিত ডিএ চলতি নভেম্বর মাসের বেতনের সাথেই যুক্ত হয়ে কর্মচারীদের অ্যাকাউন্টে জমা পড়বে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষে এই অতিরিক্ত ৩% ডিএ দেওয়ার ফলে রাজ্য কোষাগারের ওপর আনুমানিক ৩৮০ কোটি টাকার বাড়তি আর্থিক চাপ আসবে। এ ছাড়া ২০২৭ সালের এপ্রিল মাস থেকে প্রতি বছর সরকারকে এই বাবদ প্রায় ১,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে।
এক বছরেই মোট ১১% ডিএ বৃদ্ধি! রেকর্ড স্পর্শ করল হার
বুধবারের এই ঘোষণার পর চলতি বছর মোট তিন দফায় ১১ শতাংশ ডিএ বৃদ্ধি করল ভগবন্ত মান সরকার।
এর আগে দুই কিস্তিতে ৪ শতাংশ করে মোট ৮ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল, যার ফলে ডিএ-র পরিমাণ ৪২% থেকে বেড়ে দাঁড়ায় ৫০%-এ।
এবার নতুন করে আরও ৩ শতাংশ যুক্ত হওয়ায় পাঞ্জাবের সরকারি কর্মচারীদের মোট প্রাপ্ত ডিএ-র হার পৌঁছে গেল রেকর্ড ৫৩ শতাংশে!
বকেয়া ডিএ ও আন্দোলনের আবহেই মাস্টারস্ট্রোক
উল্লেখ্য, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে এবং বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ প্রায় ২২,৮১৮ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। এই বকেয়া মেটানোর দাবিতে রাজ্যজুড়ে যখন সরকারি কর্মচারীদের অসন্তোষ ও আন্দোলন তুঙ্গে, ঠিক সেই সময়ই সরকার এই ৩% বাড়তি ডিএ-র সিদ্ধান্ত ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিল বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।