এক চোখের দৃষ্টিশক্তি প্রায় উধাও! কারাগারের কুঠুরিতে চরম ধুঁকছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান?

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা ও কারাগারের অমানবিক পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দুই ছেলে কাসিম খান ও সুলেমান খান। তাঁদের দাবি, ৭৩ বছর বয়সি ইমরান খানকে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ নির্জন সেলে আটকে রাখা হয়েছে। দিনে প্রায় ২৩ ঘণ্টা তাঁকে একটি ছোট, জানালাবিহীন অন্ধকার কক্ষে কাটাতে হচ্ছে। কাসিমের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী, কারাগারে গত তিন বছরের বন্দিদশায় তাঁর বাবা এক চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। সময়মতো ও উন্নত চিকিৎসা না পেলে সাজা শেষ হওয়ার আগেই তাঁর প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন ইমরান খানের আন্তর্জাতিক আইনজীবী জ্যারেড জেনসার, যিনি কারাগারের এই বন্দিদশাকে ‘ধীরগতির বিষপ্রয়োগ হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন। এদিকে ইমরানের দ্বিতীয় পুত্র সুলেমান জানান, গত ছয় মাস ধরে তাঁদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এবং তাঁদের ভিসার আবেদনও ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। গত ১০ মাস ধরে তিনি নিজের বাবাকে চোখেও দেখতে পাননি। সুলেমানের অভিযোগ, পাকিস্তানি সেনাবাহিনী ও সেনাপ্রধান আসিম মুনিরের স্বৈরাচারী শাসন এবং ক্রমবর্ধমান হস্তক্ষেপের ফলেই ইমরান খানের ওপর এই অকথ্য নির্যাতন চলছে। আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে পরিবার বা বেসরকারি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে না দেওয়ার নেপথ্যে সম্পূর্ণ সামরিক কাঠামোর হাত রয়েছে বলে জোরালো দাবি করেছেন তিনি।