এএফসি-র বড় ঘোষণা, চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ মোহনবাগান! মোটা জরিমানা, এমনকি নির্বাসনের মুখে ভারতীয় ফুটবল?

গত মরসুমের চরম পুনরাবৃত্তি। আবারও ইরানের ক্লাবগুলির বিরুদ্ধে খেলতে না গিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ সি-তে ইরানের ক্লাব ফুলাদ মোবারাকেহ সেপাহান এসসি-র (Foolad Mobarakeh Sepahan SC) বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেডের ম্যাচ থাকলেও, মোহনবাগান ম্যানেজমেন্ট ইরানে দল পাঠায়নি।
এএফসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান সফরে দল না পাঠানোয় মোহনবাগান সুপার জায়ান্ট এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের জেরে কঠিন পরিণতির মুখে শতাব্দীপ্রাচীন ক্লাব।
এএফসি কী ব্যবস্থা নিতে পারে?
টানা দু’বছর একই কারণে ইরান সফর বাতিল করায় এবার মোহনবাগানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে এএফসি:
বহিষ্কার: এএফসি প্রতিযোগিতা সংক্রান্ত নিয়মের ৫.২ ধারা অনুসারে মোহনবাগান সুপার জায়ান্টকে এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ দেওয়া হচ্ছে। বাকি দলগুলিকে নিয়ে টুর্নামেন্ট চলবে।
প্রথম ম্যাচের ফল বাতিল: নিয়মের ৫.৬ ধারা অনুসারে, মোহনবাগান সুপার জায়ান্ট এই টুর্নামেন্টে যে ম্যাচ খেলেছে, তা বাতিল করে দেওয়া হবে। উল্লেখ্য, ঘরের মাঠে প্রথম ম্যাচেই সবুজ-মেরুন ব্রিগেড হেরে গিয়েছিল।
জরিমানা ও নির্বাসন: এএফসি কমিটি এখন সিদ্ধান্ত নেবে—মোহনবাগানকে মোটা অঙ্কের জরিমানা করা হবে কিনা, বা ক্লাবকে নির্বাসিত করা হবে কিনা।
ভারতীয় ফুটবলের উপর প্রভাবের আশঙ্কা
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা শুধু মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা ডেকে আনবে না, এটি ভারতীয় ফুটবলের জন্যও বড় ধাক্কা হতে পারে।
আগামী মরসুমে ভারতের ক্লাবগুলির এএফসি প্রতিযোগিতায় যোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এই মুহূর্তে এই টুর্নামেন্টে এফসি গোয়া (FC Goa) খেললেও, মোহনবাগানের এমন অনীহা আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।