উৎসবের মরশুমে মিলবে ১২,০০০ টাকা! রাজ্য সরকারের ‘নব দিশা’ প্রকল্পে কারা পাচ্ছেন সুবিধা?

উৎসবের ঠিক মুখেই রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। সাধারণ মানুষের সুবিধার্থে ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে চালু হলো বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচি ‘নব দিশা’। মূলত প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত শৌচাগারের আওতায় আনতেই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।
মালদহ জেলা প্রশাসন থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে নিজের বাড়িতে শৌচাগার তৈরির জন্য ১২,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেবে রাজ্য সরকার।
কেন নেওয়া হলো এই উদ্যোগ?
মালদহ জেলা প্রশাসনের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, বর্তমান সময়ে দাঁড়িয়েও জেলার প্রায় ২৫ হাজার পরিবারের নিজস্ব কোনো স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসন ও রাজ্য সরকার যৌথভাবে ‘নব দিশা’ প্রকল্পের সূচনা করেছে।
কীভাবে কাজ করবে এই বিশেষ মডেল?
সরকারি অর্থের অপব্যবহার রোধ করতে এবং কাজের স্বচ্ছতা বজায় রাখতে এই প্রকল্পে অনুদানের পরিবর্তে একটি প্রাতিষ্ঠানিক ঋণের মডেল তৈরি করা হয়েছে:
স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা: এই প্রকল্পটিকে ‘স্বচ্ছ ভারত মিশন’ এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) সঙ্গে যুক্ত করা হয়েছে।
সহজ ঋণ প্রক্রিয়া: উপভোক্তারা স্বনির্ভর সঙ্ঘ সমবায়ের মাধ্যমে এই প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বাড়িতে শৌচাগার নির্মাণের কাজ শুরু করতে পারবেন।
আকাউন্টে সরাসরি টাকা: শৌচাগার নির্মাণ কাজ শেষ হওয়ার পর সেই ছবি নির্দিষ্ট সরকারি পোর্টালে আপলোড করতে হবে। ছবি যাচাইয়ের পর সরকারি অনুদানের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সেই টাকা দিয়েই তারা নেওয়া ঋণ পরিশোধ করতে পারবেন।
স্বাস্থ্যবিধি বজায় রাখার পাশাপাশি আমজনতাকে স্বাবলম্বী করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। রাজ্য সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন হাজার হাজার পরিবার।