উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে নতুন গতি, সাইরাং রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন চেতন কুমার শ্রীবাস্তব

রেল পরিকাঠামো এবং যাত্রী পরিষেবার বর্তমান হালহকিকত খতিয়ে দেখতে মিজোরামের সাইরাং রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NFR) জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। এই গুরুত্বপূর্ণ পরিদর্শনের সময় NFR-এর মুখ্য কার্যালয় এবং লামডিং ডিভিশনের একাধিক শীর্ষ আধিকারিকও উপস্থিত ছিলেন। স্টেশনের সার্বিক পরিকাঠামো, পরিচালন ব্যবস্থা, নিরাপত্তা এবং যাত্রীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধাগুলি খুঁটিয়ে দেখেন জেনারেল ম্যানেজার। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পরিদর্শনের অংশ হিসেবে সাইরাং থেকে ভৈরবি পর্যন্ত উইন্ডো-ট্রেলিং ইন্সপেকশন করেন NFR-এর জেনারেল ম্যানেজার। ট্রেন থেকে ট্র্যাক ও রেল পরিকাঠামোর বর্তমান অবস্থা, বৈদ্যুতিকরণ কাজের অগ্রগতি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়ে দেখেন তিনি। মিজোরামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন হিসেবে সাইরাংয়ের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই কথা মাথায় রেখেই স্টেশনের যাত্রী পরিষেবা এবং পরিকাঠামো উন্নত করার সম্ভাবনার ওপর জোর দেওয়া হয়। পরিচ্ছন্নতা ও যাত্রী পরিষেবার মান বজায় রাখার পাশাপাশি রেলের সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন চেতন কুমার শ্রীবাস্তব।