উত্তরপ্রদেশে ‘ভাই-ভাতিজাবাদ’ খতম! ধনতেরাসে ৪,৫৪৩ জন এসআইয়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে কী বললেন যোগী?

লখনউতে উত্তর প্রদেশ পুলিশ বাহিনীর জন্য নির্বাচিত ৪,৫৪৩ জন নতুন সাব-ইন্সপেক্টরের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে, উত্তরপ্রদেশে স্বজনপ্রীতি বা বৈষম্য আর কখনও বরদাস্ত করা হবে না। রাজ্যের ২৫ কোটি মানুষই তাঁর পরিবারের অংশ এবং প্রত্যেক যুবক তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন। পূর্ববর্তী সরকারগুলির তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন যে, একসময় নিয়োগ প্রক্রিয়ায় সাইফাই সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্য ছিল, যেখানে একজন আবেদন করলে অন্যজন পরীক্ষা দিত এবং তৃতীয় ব্যক্তি চাকরি বাগিয়ে নিত। কিন্তু বর্তমান ডাবল-ইঞ্জিন সরকার সেই কলুষিত ব্যবস্থার চিরতরে অবসান ঘটিয়ে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উপহার দিয়েছে। নবনির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে, চাকরি পাওয়ার জন্য তাঁদের কি কখনও বাড়তি সুপারিশ বা উৎকোচ দিতে হয়েছে?

মুখ্যমন্ত্রী আরও জানান যে, গত সাড়ে নয় বছরে শুধুমাত্র উত্তর প্রদেশ পুলিশ বিভাগেই ২.৩০ লক্ষেরও বেশি কর্মী স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হয়েছে এবং রাজ্যজুড়ে সরকারি চাকরির সংখ্যা ৯.৫ লক্ষ ছাড়িয়ে গেছে। বিগত সরকারের আমলে উত্তরপ্রদেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল, যার জেরে ভিনরাজ্যে কর্মরত ইউপি-র যুবকদের ঘরভাড়া পেতেও নাকানিচোবানি খেতে হতো। কিন্তু বর্তমান সরকারের কঠোর প্রশাসনিক পদক্ষেপে আজ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশ ও বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠেছে। গভীর রাতেও মহিলারা লখনউয়ের টেক পার্ক থেকে নিরাপদে স্কুটার বা বাইক চালিয়ে বাড়ি ফিরছেন। শুধু তাই নয়, পুলিশ বাহিনীর পরিকাঠামো বদলাতে ৫৬টি জেলায় আধুনিক বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে এবং প্রশিক্ষণের ক্ষমতা ৬ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে। আগামী ভাইফোঁটার দিনও রাজস্ব বিভাগে ১,২০০-র বেশি পদে নতুন নিয়োগপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।