“উত্তরপ্রদেশে এক্সপ্রেসওয়েতে পরপর ধাক্কা”-বড়সড় দুর্ঘটনার মুখে রাহুল গান্ধীর কনভয়!

সপ্তাহের শুরুতেই বড়সড় সড়ক দুর্ঘটনার মুখে পড়লেন লোকসভার বিরোধী দলনেতা তথা শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সকালে উত্তরপ্রদেশের সুলতানপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে তাঁর কনভয়ে এই দুর্ঘটনা ঘটে। কনভয়ের পিছনের বেশ কয়েকটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খেলেও, এই মুহূর্তে রাহুল গান্ধী সম্পূর্ণ নিরাপদেই রয়েছেন বলে খবর মিলেছে।

ঠিক কোথায় এবং কীভাবে ঘটল দুর্ঘটনা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লখনউ থেকে সুলতানপুরের দিকে যাওয়ার সময় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৮৯.৫ কিলোমিটার মাইলস্টোনের কাছে (হালিয়াপুর থানা এলাকা) এই দুর্ঘটনাটি ঘটে। ২০১৮ সালের একটি পুরনো ফৌজদারি মানহানি মামলার রায় ঘোষণা ও শুনানিতে যোগ দিতে সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালতে যাচ্ছিলেন রাহুল গান্ধী।

ঠিক সেই সময়ই তাঁর কনভয়ের পিছনের গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। তবে আশার কথা হলো, রাহুল গান্ধী কনভয়ের সামনের দিকে থাকা একটি গাড়িতে থাকায় তাঁর এবং তাঁর গাড়িটির কোনো ক্ষতি হয়নি। তিনি সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত রয়েছেন।

তদন্ত শুরু পুলিশের
পিছনের গাড়িগুলির মধ্যে ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটল, গাড়োগুলি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না— সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আকস্মিক এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।