ইস্তফার এক বছর পার, তবুও জোটে না সরকারি বাংলো! অন্যের ফার্মহাউসে দিন কাটাচ্ছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়?

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কোনো সরকারি বাসভবন জোটেনি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ভাগ্যে। সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি বর্তমানে দিল্লির ছতরপুরে ‘ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল’ (আইএনএলডি) নেতা অভয় সিং চৌতালার একটি ব্যক্তিগত ফার্মহাউসে বসবাস করছেন।

প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত তাঁর নামে কোনো সরকারি বাংলো বরাদ্দ করা হয়নি। তবে উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর পর তাঁর জন্য কোনো বাড়ি বরাদ্দের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছিল কি না, সেই বিষয়ে ধনখড়ের কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই তিনি রাজ্যসভায় দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের একটি বিরোধী নোটিশ গ্রহণ করেছিলেন, যা লোকসভাতেও সমস্ত দলের সমর্থনে গৃহীত হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার কারণ দেখিয়েছিলেন। যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকে সে সময় দাবি করা হয়েছিল যে, তাঁকে পদত্যাগের জন্য একপ্রকার বাধ্য করা হয়েছিল।

Pratik Saha
  • Pratik Saha